গুজরাটে দুটি ভবন ধসে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটের ভাদোদারার অতলাদারা এলাকায় দুটি ভবন ধসে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়।

ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা এইচ জে তাপারিয়া জানান, তিনতলাবিশিষ্ট ভবন দুটি ভোররাত সাড়ে চারটার দিকে ধসে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ভবন দুটিতে ১৩-১৪টি পরিবার রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নিয়েছে।

৩৫ বছর আগে ভাদোদারা নগর উন্নয়ন কর্তৃপক্ষের করা বিশাল আবাসন প্রকল্পের অংশ ছিল ওই দুটি ভবন। এই আবাসন প্রকল্পের আওতায় একই ধরনের আরও ৫৪টি ভবন রয়েছে।

মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটারে লিখেছেন, ভাদোদারাতে দুটি ভবন ধসের কথা শোনামাত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমার সহকর্মী মন্ত্রী নিতিনভাই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ধ্বংসস্তূপে আটকে পড়া একটি পরিবারের আত্মীয় আমুদান বলেন, ‘আমার চাচা-চাচি ও তাঁদের দুই সন্তান ওই ভবনে আটকে পড়ে আছেন। তাঁদের কেউ ফোন ধরছেন না।’

ভাদোদারা পৌর কমিশনার মনিশ দুবে বলেন, ধসে পড়া দুটি ভবনের একটি থেকে বেশির ভাগ লোককেই সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘লোকজনকে উদ্ধার করাই এখন আমাদের কাছে প্রধান।’

রাজ্যের অর্থমন্ত্রী নিতিন প্যাটেল জানান, এ ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহত ব্যক্তিদের চিকিত্সা ব্যয় বহন করবে সরকার। মন্ত্রী আরও জানান, উদ্ধারকাজে কোনো ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। কারণ এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে।