গুজরাটে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের গুজরাট রাজ্যে বিচারবহির্ভূত ২২ জনের হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটে।গুজরাট পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণে আদালতের নিয়োগ পাওয়া দলের প্রধান সাবেক বিচারপতি এম বি শাহকে ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।২০০৩ থেকে ২০০৬ সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির শাসনামলে পুলিশ তথাকথিত ‘ভুয়া এনকাউন্টারে’ ২২ জনকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ জনই মুসলমান। মোদি এখনো গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আশা ব্যক্ত করেছেন।গত বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি আফতাব আলম ও সি কে প্রসাদের একটি বেঞ্চ এক আদেশে বলেন, ‘আমরা চাই তদন্তের মাধ্যমে প্রতিটি মামলার সত্য প্রকাশিত হোক।’ গতকাল বৃহস্পতিবার ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, আদালতের এই আদেশ ২০০১ সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকা মোদির জন্য নতুন ধাক্কা। ২০০৭ সালে মোদি তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হন। এএফপি।