গুজরাটে ১০ বছরে ৬১৪ কৃষকের আত্মহত্যা
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট রাজ্যে গত ১০ বছরে ৬১৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার গুজরাট বিধানসভায় কৃষি-সংক্রান্ত আলোচনায় কংগ্রেস বিধায়ক বাঘবজি প্যাটেল এ তথ্য তুলে ধরেন।
কৃষিসংকট, ঋণের বোঝা ও ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে এই কৃষকেরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
গুজরাট বিধানসভায় বাঘবজি প্যাটেল বলেন, কৃষক আত্মহত্যার এই পরিসংখ্যান তথ্য অধিকার আইনবলে সরকারি সূত্র থেকে পেয়েছেন তিনি।
বিধানসভায় এই তথ্য পেশ করে বিজেপি দলীয় কৃষিমন্ত্রী বাবু বোখারিয়াকে উদ্দেশ করে কংগ্রেস বিধায়ক বলেন, ‘এটাই আপনাদের গুজরাটি মডেল? এই মডেল কি আপনারা অন্য রাজ্যে প্রয়োগ করতে চান?’
বাঘবজি প্যাটেল বলেন, ‘সব সময় গুজরাট সরকার রাজ্যের কৃষি নিয়ে উজ্জ্বল চিত্র তুলে ধরছে, যা বাস্তবের সঙ্গে সংগতি-বিবর্জিত।’
গুজরাটে একটানা ১৩ বছর মুখ্যমন্ত্রী থেকে এবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন মোদি।