গুজরাটের দাঙ্গায় মোদির অপরাধ পায়নি সুপ্রিম কোর্টের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে সংঘটিত দাঙ্গায় রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পায়নি সুপ্রিম কোর্টের নিযুক্ত বিশেষ তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার আদালত এ কথা জানান।গুজরাটে মুসলিম ও হিন্দুদের মধ্যে ওই দাঙ্গায় অন্তত দুই হাজার মানুষ নিহত হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, ওই দাঙ্গায় নরেন্দ্র মোদির মদদ ছিল। এ ছাড়া এত বড় দাঙ্গায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগও তোলা হয় তাঁর বিরুদ্ধে। ভারতের একটি ম্যাজিস্ট্রেরিয়াল কোর্ট বলেন, সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ তদন্ত দল নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি। শুধু মোদিই নন, আরও ৫৭ জনের বিরুদ্ধে ওই দাঙ্গায় জড়িত থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তাদের বিরুদ্ধেও কোনো অপরাধের প্রমাণ পায়নি ওই তদন্ত দল।ভারতের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের আইনপ্রণেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি মুখ্যমন্ত্রী মোদি, তাঁর মন্ত্রিসভার সদস্য ও সরকারি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ করেন। সুপ্রিম কোর্ট ওই অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্ত দল নিয়োগ দেন।দাঙ্গার সময় গুজরাটের একটি হাউজিং কলোনিতে অবস্থান করছিলেন এহসান জাফরি। হিন্দুরা ওই কলোনিতে আগুন দিলে তিনিসহ ৬৮ জন আগুনে পুড়ে মারা যান।মোদির আইনজীবীরা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে তোলা এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে আসছেন। বিশ্লেষকদের মতে, আদালতের এ ঘোষণা মোদিকে রাজনৈতিক দিক থেকে আরও শক্তিশালী করবে। ২০০১ সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মোদি। ২০১৪ সালের ভারতের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী তিনি। এএফপি।