গুজরাটের পাট গুটিয়ে দিল্লিতে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

আগামী সোমবার ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। উঠতে হবে দিল্লির ৭ নম্বর রেসকোর্স রোডের বাড়িতে। তাই গতকাল বৃহস্পতিবার গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী মোদি রাজ্যের সোয়া ছয় কোটি নাগরিকের কাছ থেকে বিদায় নিয়েছেন।
গুজরাট ছাড়ার আগে গতকাল বিকেলে মোদি আহমেদাবাদের গান্ধীনগরে যান মায়ের সঙ্গে দেখা করতে। সেখান থেকে সোজা বিমানবন্দরে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুদূর শৈশবে ঘর ছেড়েছিলেন মোদি। এর পর থেকে একলা জীবন কাটাচ্ছেন তিনি। যদিও এবারের নির্বাচনী হলফনামায় বিয়ের কথা উল্লেখ করেছেন। একার এই জীবনে খুব বেশি জিনিসের প্রয়োজন পড়েনি। তাই দিল্লিতে নিয়ে যাওয়ার মতো তেমন কিছু নেই তাঁর। সঙ্গে নিয়ে যাচ্ছেন কিছু পোশাক, যোগব্যায়ামের সরঞ্জাম,  দৌড়ের যন্ত্র। আর রয়েছে কিছু বই, যা সব সময়ই মোদির সঙ্গী।
|মোদির গৃহস্থালির দায়িত্বে থাকা ব্যক্তিটি জানান, প্রযুক্তিপ্রিয় মোদি তাঁর  আইপ্যাড, ল্যাপটপসহ প্রযুক্তির বিভিন্ন জিনিস খুব সতর্কতার সঙ্গে প্যাকেট করেছেন।
এক দশক ধরে রাঁধুনি বদরি মোদির জন্য হালকা নিরামিষ খাবার রান্না করে যাচ্ছেন। তিনিও দিল্লি যাচ্ছেন তাঁর মনিবের সঙ্গে।

গতকাল ছিল গুজরাটের বিধানসভায় মোদির শেষ দিন। সেখানে মোদি লঘুচিত্তে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুজরাটি ভাষা বলা হবে। খামান, ধোকলা পরিবেশন করা হবে। গড়ে উঠবে খাখরার (এক ধরনের রুটি) বাজার।...একজন মানুষ এখান থেকে অনেক কিছু তাঁর সঙ্গে করে নিয়ে যাচ্ছে।’

মোদির ব্যক্তিগত সহকারী দিনেশ ঠাকুর এবং ওপি সিংহও তাঁর সঙ্গে যাচ্ছেন।

মোদির একজন ঘনিষ্ঠ সহযোগী জানান, গত ১৩ বছরে মুখ্যমন্ত্রী হিসেবে মোদি যে বেতন পেয়েছেন, তা তিনি একটি তহবিলে দিতে চান। ওই অর্থ আহমেদাবাদে মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মীদের সন্তানদের শিক্ষায় ব্যয় হবে।

গত কয়েক মাসে দেশজুড়ে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে অনেকের কাছে থেকে স্মারক পেয়েছেন মোদি। মুখ্যমন্ত্রী হিসেবেও পেয়েছেন অনেক স্মারক। এসবের কোনো কিছুই তিনি সঙ্গে করে দিল্লি নিয়ে যাননি। প্রতিবছরই  তিনি তাঁর পাওয়া উপহারগুলো বিভিন্ন জেলায় নিলামে তুলতেন। এর মধ্যে সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া একটি জিনিস ছিল মুখ্যমন্ত্রীর শাল। এসব অর্থ তিনি রাজ্যের কন্যাশিশুদের শিক্ষা খাতে ব্যয় করেছেন।