গুতেরেসের সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তোনিও গুতেরেস
আন্তোনিও গুতেরেস

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন। নিরাপত্তা পরিষদ গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে তাঁকে মনোনীত করেছে। এখন তাঁর নাম জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে। এ মাসের মধ্যেই সাধারণ পরিষদ পরবর্তী মহাসচিবের নির্বাচন শেষ করবে। মনে করা হচ্ছে, এরপরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন গুতেরেস।
তাঁকে মনোনীত করার জন্য নিরাপত্তা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন গুতেরেস। একই সঙ্গে নানা প্রান্তে সংঘাতের কারণে বিশ্ব যে ‘ব্যাপক চ্যালেঞ্জের’ মুখে রয়েছে, তা মোকাবিলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
এক কূটনীতিক জাতিসংঘকে ‘ভঙ্গুর ও প্রাণহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং পরবর্তী মহাসচিবের দায়িত্ব হবে সেখানে প্রাণের সঞ্চার করা। বিদায়ী মহাসচিব বান কি মুন মৃদুভাষী ছিলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আরও কাজ করার ব্যাপারে মতৈক্যে নিয়ে এসেছেন। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয় হয়েছে। তবু বর্তমানে বিভিন্ন দেশের সরকার ও কূটনীতিকেরা এমন মহাসচিব চান, যাঁর দৃঢ় নেতৃত্বগুণ থাকবে, ইংরেজি বলেন দারুণ এবং অনেক বেশি প্রভাবিত করার ক্ষমতা থাকবে।
এ লক্ষ্যেই পরাশক্তিসহ নিরাপত্তা পরিষদের রাষ্ট্রসমূহ ও কূটনীতিকেরা এবার সাবেক কোনো পররাষ্ট্রমন্ত্রীর দিকে ঝোঁকেননি। বরং এবার সাবেক এক রাষ্ট্রপ্রধানকেই পছন্দ করছেন তাঁরা।
গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই দেশটির অর্থনৈতিক পুনর্গঠন হয় এবং ইউরোপের একক বাজারব্যবস্থায় প্রবেশ করে দেশটি। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন তিনি।