গুন্টার গ্রাসকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাসকে রোববার অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত এই লেখককে ইসরায়েলে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক কবিতায় ইসরায়েলের সমালোচনা করেন গুন্টার গ্রাস। এর জের ধরে ইসরায়েল তাঁর বিরুদ্ধে এ ঘোষণা দেয়। ‘যে কথা বলতেই হবে’ শিরোনামে গুন্টার গ্রাসের লেখা ওই কবিতাটি সমপ্রতি জার্মান একটি পত্রিকায় প্রকাশের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে হইহই পড়ে যায়। কবিতার একটি অংশে গ্রাস লিখেছেন, ‘ইসরায়েল যে বিশ্বশান্তির অন্তরায়, আমি তা বলব। আমি আর নীরব থাকব না। ইসরায়েলকে নিয়ে পশ্চিমা বিশ্বের ভণ্ড কপটতায় ভরা রাজনীতিতে ক্লান্ত আমরা, আর দেরি নয়, এখনই তা বলতে হবে।’ অন্য এক অংশে বলা হয়েছে, ‘ইহুদি রাষ্ট্রটিকে অবশ্যই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না।’ এতে ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই কবিতাটির নিন্দা জানিয়েছেন। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও গোঁড়া অর্থোডক্স ইহুদি পার্টির নেতা এলি ইসাই বলেছেন, গুন্টার গ্রাস তাঁর কবিতায় ইসরায়েল ও এর জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এরপর আর তাঁকে ইসরায়েলের পবিত্র ভূমিতে ঢুকতে দেওয়া হবে না। এ দেশে গ্রাসকে আর স্বাগত জানানো হবে না। ইসরায়েলের বিখ্যাত ঐতিহাসিক টম সেভেক সরকারের এমন সিদ্ধান্তকে ‘অবিবেচক’ বলে মন্তব্য করেছেন। জার্মান সাপ্তাহিক ডের স্পিগেলকে তিনি বলেছেন, ‘ইসরায়েলের রাজনীতি ইরানের মতোই।’ তবে তাঁর এই মন্তব্যের জবাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুডো ভেস্টারভেলে বলেছেন, ‘ইসরায়েল ও ইরানকে একই নৈতিক স্তরে রাখা বিচক্ষণ নয়, বরং তা হবে উদ্ভট, হাস্যকর।’বিখ্যাত ব্যক্তিদের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারির ঘটনা এটাই প্রথম নয়। প্রায় দুই বছর আগে লেখক নোয়াম চমস্কিকে ইসরায়েলে প্রবেশে বাধা দিয়ে জর্ডান-ইসরায়েল সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়। ২০১০ সালে শান্তিতে নোবেলজয়ী আইরিশ মানবাধিকার নেত্রী মাইরেড মাগুয়েরেরকেও ইসরায়েল প্রবেশে বাধা দেওয়া হয়।ইরানের পারমাণবিক শক্তির অধিকার প্রশ্নে ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের কপটতার জারিজুরি ফাঁস করে লেখা ওই কবিতা প্রকাশের পর গুন্টার গ্রাসের বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে সমালোচনা চলছে। অব্যাহত এই সমালোচনার প্রতিবাদ করেছেন গুন্টার গ্রাস। জার্মান টেলিভিশনের তিনটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের একপেশে আচরণের নিন্দা জানিয়ে গুন্টার গ্রাস বলেছেন, ‘কবিতাটির মূল বিষয়ে না গিয়ে সংবাদমাধ্যম একই সুরে কথা বলছে। ইসরায়েল যে বহু দিন থেকে পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং আন্তর্জাতিক অনেক নিয়মনীতির তোয়াক্কা করছে না, দৃশ্যত সেই অনালোচিত বিষয়ই আমি তুলে ধরতে চেয়েছি আমার কবিতায়।’ তিনি আরও বলেন, ‘কবিতাটির তীব্র সমালোচনা হবে জেনেই তা লিখেছি আমি।’