গুপ্তঘাতকের খোঁজে ত্রিপোলিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহীরা দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর এলাকা অনেক নিরাপদ। তবে পরিস্থিতি কিছুটা অনিশ্চিত। গত বুধবার বিবিসিকে কথাগুলো বলছিলেন লিবিয়ার রাজধানী ত্রিপোলির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী।ওই নারী বলেন, ‘তাঁর এলাকা এখন বেশ নিরাপদ। চারপাশে বিদ্রোহীরা পাহারা দিচ্ছে। তারা প্রতিটি বাসা ও রাস্তার লোকজনের ওপর সতর্ক দৃষ্টি রেখেছে। তারা খুবই আন্তরিক। তারা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে।’ওই নারী বলেন, ‘বিদ্রোহীরা আমাদের বলছে, কিছু কিছু ভবনের ছাদে এখনো গাদ্দাফি বাহিনীর কিছু গুপ্তঘাতক লুকিয়ে আছে। তাই তারা আমাদের বলেছে, যে রাস্তা দিয়েই যা-ই না কেন, আশপাশের রাস্তার দিকে যেন লক্ষ রাখি। তবু এটা আগের চেয়ে অনেক নিরাপদ, অন্তত আমার কাছে।’ত্রিপোলির সব দোকানপাট তিন দিন ধরে বন্ধ। কারণ, গুপ্তঘাতকের ভয়ে তাঁরা আতঙ্কিত, সন্ত্রস্ত। ত্রিপোলির ওই বাসিন্দা বলেন, ‘আমরা সকালে পানি কিনতে বের হয়েছিলাম। কিন্তু কোনো দোকান খোলা পাইনি।’ওই নারী আল্লাহকে অনেক ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের বাড়িতে খাবার আছে। কিন্তু কয়েকজন মানুষের কাছে তা নেই। এটি খুবই দুঃখজনক। তাই তাঁরা লোকজনের কাছ থেকে খাবার সংগ্রহ করে তা বিদ্রোহী ও গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। তিনি বলেন, তিনি কখনোই লিবিয়াবাসীকে এভাবে একত্রে কাজ করতে দেখেননি। গত কয়েক দিন তিনি যা দেখছেন, তা সত্যিই বিস্ময়কর।গুপ্তঘাতক সম্পর্কে ওই বাসিন্দা বলেন, ‘এটি সত্যি সত্যি খারাপ হচ্ছে। কিন্তু আমরা এখন এ ধরনের হত্যাকারীদের হাত থেকে দেশকে মুক্ত করতে একসঙ্গে কাজ করছি।’ওই মহিলা বলেন, গত ছয় মাস প্রচুর লোক গাদ্দাফিকে সমর্থন জানিয়েছে। এর কারণ তারা গরিব। তারা জানে না, বাইরের পৃথিবী দেখতে কেমন। তারা জানে না, কীভাবে অন্যরা বসবাস করছে। তারা তৃতীয় বিশ্বের একটি দেশে বাস করে এবং তারা খুবই সংকীর্ণমনা। মুয়াম্মার গাদ্দাফি তাদের কাছে ঈশ্বরের মতো।গাদ্দাফি-সমর্থিত একটি টেলিভিশন চ্যানেল দেখছিলেন ওই নারী। ওই সময় ত্রিপোলি থেকে কেউ একজন ওই টেলিভিশনে বলছিলেন, ‘গাদ্দাফি-সমর্থিত সেনারা পুরো ত্রিপোলিতে ছড়িয়ে আছে। তারা জনগণকে নিরাপত্তা দিচ্ছে।’ তিনি বলেন, ‘এর আধা ঘণ্টা আগে আমি বাইরে গিয়েছিলাম। কিন্তু গাদ্দাফি-সমর্থিত কোনো সেনাকে আমি দেখিনি। রাস্তাঘাটে শুধু বিদ্রোহীরাই ছিল।’ বিবিসি অনলাইন।