গুপ্তচরবৃত্তির অপরাধে ইরানে দুজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ইরান তাদের দুজন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে। আজ রোববার মোহাম্মদ হায়দারি ও কৌরস আহমাদি নামের ওই দুই ব্যক্তিকে ফাঁসি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে অর্থের বিনিময়ে জাতীয় ও নিরাপত্তাবিষয়ক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অপরাধে মোহাম্মদ হায়দারিকে ফাঁসি দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) ইরানের গোপন তথ্য দেওয়ার অপরাধে কৌরসকে ফাঁসি দেওয়া হয়েছে।

হায়দারি ও কৌরসের ফাঁসির রায় দিয়েছেন তেহরানের একটি আদালত আর সেই রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে তাঁদের কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কীভাবে বিচারকাজ পরিচালনা করা হয়েছে, তা জানা যায়নি।

এ ঘটনার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তবে গুপ্তচরবৃত্তির এই অভিযোগ অস্বীকার করেছে দুটি দেশই।

এর আগে ২০১২ সালে সিআইএর হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে আমির মির্জা হেকমতি নামের আরেকজনকে ফাঁসি দিয়েছিল ইরান সরকার।