গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করলেন দুই মার্কিন নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে আটক তিন মার্কিন নাগরিকের দুজন তাঁদের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন। গত রোববার আদালতে শুনানির প্রথম দিনে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়েছে।২০০৯ সালের ৩১ জুলাই শেন বাওয়ের, সারাহ শোর্ড ও জোস ফাত্তাল নামে তিন মার্কিন নাগরিককে ইরাকের সীমান্তসংলগ্ন ইরানের ভূখণ্ড থেকে আটক করা হয়। পাঁচ লাখ ডলার মুচলেকা দিয়ে ওই বছরই জামিনে মুক্তি পান সারাহ শোর্ড। ইরান অভিযোগ করেছে, মার্কিন নাগরিকেরা গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে দেশটির ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে তাঁরা বলেন, তাঁদের উদ্দেশ্য ছিল বেড়ানো।অভিযুক্ত তিন ব্যক্তি বলেন, তাঁরা পর্বতারোহণের উদ্দেশ্যে ইরাকের উত্তরাঞ্চলে গিয়েছিলেন। ইরান সীমান্তে ঢুকে পড়লেও তা ভুলবশত হতে পারে। ইরানের আইন অনুসারে গুপ্তচরবৃত্তির দায়ে তাঁদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। রাষ্ট্র পরিচালিত প্রেস টিভির খবরে বলা হয়, আদালতে দুজন উপস্থিত থাকলেও সারাহ শোর্ড হাজির হননি। শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। রোববার প্রেস টিভির ভিডিও ফুটেজে ওই দুই নাগরিককে অসুস্থ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল। রয়টার্স।