গুপ্তচরবৃত্তির অভিযোগে মুরসির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় গতকাল রোববার মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার শুরু হয়েছে। এই মামলায় গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়েছে। মুরসিসহ ৩৬ জনের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের কট্টরপন্থী কয়েকটি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে মিসরে হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, আদালতে হাজির করতে গতকাল মুরসিকে বুর্জ আল-আরব কারাগার থেকে হেলিকপ্টারে করে কায়রোর পুলিশ একাডেমিতে নেওয়া হয়। সেখানে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাঁকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগে করা এই মামলায় মুরসির বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস, লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ ও ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডের সঙ্গে ষড়যন্ত্র করে মিসরে হামলা চালাতে চেয়েছিলেন। দোষী সাব্যস্ত হলে মুরসির মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।
মুরসির বিরুদ্ধে আরও দুটি মামলার বিচার-প্রক্রিয়া চলছে। আরেকটি মামলার বিচারকাজ শুরুর অপেক্ষায় আছে। বিবিসি।