
উইকিলিকসকে বিপুল পরিমাণ মার্কিন গোপন নথি সরবরাহকারী সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিং বিচারের রায়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে শত্রুকে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়নি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় রায় ঘোষণা হয়। গত বছরের জুন মাসে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে স্থাপিত মার্কিন সামরিক আদালতে এই বিচারকাজ শুরু হয়েছিল। তাঁর ১০০ বছরেরও বেশি সাজা হতে পারে। আজ বুধবার থেকে তাঁর সাজার শুনানি শুরু হওয়ার কথা। ২৫ বছর বয়সী ম্যানিং মার্কিন গোপন তথ্য ফাঁস করার কথা আদালতে স্বীকার করেছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের ‘শত্রুকে সহায়তা’ করার অভিযোগ অস্বীকার করেছেন। ম্যানিং তাঁর বিরুদ্ধে যে ২২টি অভিযোগ আনা হয়েছিল, তার মধ্যে ১০টিতে অপেক্ষাকৃত লঘু দোষ স্বীকার করেছেন। এর মধ্যে রয়েছে গোয়েন্দাগিরি, চুরি এবং সামরিক বাহিনীর কম্পিউটার ব্যবহারের বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ। ‘শত্রুকে সহায়তা’র অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁকে যাবজ্জীবন সাজা দেওয়া হতে পারে। মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মী ম্যানিং ইরাকে কর্মরত অবস্থায় ২০১০ সালে গ্রেপ্তার হন। আরও গোপন নথি প্রকাশ করা হবে: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ তার নজরদারিসংক্রান্ত আরও কিছু তথ্য প্রকাশ করার পরিকল্পনা করছে। আর এগুলো যত দ্রুত সম্ভব প্রকাশ হতে পারে। সিএনএন এ তথ্য জানিয়েছে। এএফপি ও বিবিসি।