গুপ্তধন নিয়ে ইন্দিরা-ভুট্টো চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭২ সালের এক ছবিতে করমর্দনরত ইন্দিরা ও ভুট্টো ষ ফাইল ছবি
১৯৭২ সালের এক ছবিতে করমর্দনরত ইন্দিরা ও ভুট্টো ষ ফাইল ছবি

১৯৭৬ সালে গুপ্তধন খুঁজে বের করতে তৎপরতা চালিয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার। কথিত গুপ্তধন অবিভক্ত ভারতের আমলের বলে খবর পেয়ে ভাগ চেয়ে বসেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। এ নিয়ে চিঠি চালাচালি হয়েছিল ইন্দিরা ও ভুট্টোর মধ্যে।
ইতিহাসবিষয়ক একটি বইয়ে এ কথা বলা হয়েছে। ভারত-পাকিস্তান সম্পর্ক (১৯৪৭-২০০৭) নামের বইটি সম্পাদনা করেছেন অবতার সিং বাসিন। বাসিন লিখেছেন, ১৯৭৬ সালে ভারতে জরুরি অবস্থা চলার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাবাহিনীকে গুপ্তধন খুঁজতে জয়গড় দুর্গে পাঠান। দুর্গটি আজও জয়পুরের রাজপরিবারের সম্পদ। জনশ্রুতি ছিল, জয়পুরের রাজা এবং মুঘল বাদশা আকবরের সেনাপতি মান সিংহ কয়েকটি অভিযানের সময় সোনাদানাসহ বিপুল পরিমাণ সম্পদ আলাদা করে নিয়ে লুকিয়ে রাখেন। ভারত স্বাধীন হওয়ার পরও এই লোককাহিনি প্রচলিত ছিল। ১৯৭৬ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী। ওই সময়টাকে জয়পুরের কথিত রাজকীয় সম্পদ খুঁজে বের করার সময় হিসেবে বেছে নেন ইন্দিরা।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো গুপ্তধন খোঁজার এই খবর জেনে যান। তখন তিনি পাকিস্তানকে ভাগ থেকে বঞ্চিত না করতে ইন্দিরার প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠি দেন। ওই বছরের ১১ আগস্ট চিঠিটি লিখেছিলেন ভুট্টো। তবে ডিসেম্বর পর্যন্ত ইন্দিরা ওই চিঠির কোনো জবাব দেননি। ওই সময় পর্যন্ত জয়পুরে গুপ্তধনের সন্ধানে হন্যে হয়ে বেড়ায় সেনাবাহিনী। তবে ফলাফল হয় শূন্য। খালি হাতে ফেরে তারা। এরপর ৩১ ডিসেম্বর ভুট্টোকে চিঠি দেন ইন্দিরা। এতে তিনি উল্লেখ করেন, ভুট্টো যে দাবি তুলেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। তিনি এ-ও জানিয়ে দেন, যে গুপ্তধনের খোঁজে তল্লাশি চালানো হয়, দুর্ভাগ্যক্রমে তার কোনো অস্তিত্বই নেই। টাইমস অব ইন্ডিয়া।