গুপ্তহত্যার শহর
‘রোজ অনিশ্চয়তা নিয়ে বাইরে বের হই। জীবিত অবস্থায় সন্ধ্যায় বাড়ি ফিরে আসতে পারব কি না তা নিয়ে উৎকণ্ঠায় থাকি।’ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বাসিন্দা আবদুল হামিদ আতঙ্কের মধ্যে দিনযাপনের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করেন।কান্দাহারের প্রতিটি মানুষ সহিংসতার সঙ্গে পরিচিত। মৃত্যুর আশঙ্কা নিত্যসঙ্গী তাদের। এই মৃত্যুপুরী থেকেই তালেবান জঙ্গিদের উত্থান হয়েছিল। সব মিলিয়ে কান্দাহার এখন গুপ্তহত্যার শহরে পরিণত হয়েছে। হানাহানির নগর হিসেবে আফগানিস্তান ও বহির্বিশ্বে গত এক দশকে পরিচিতি পেয়েছে কান্দাহার। তবে শহরটির ইতিহাস বহু পুরোনো। গ্রিক বীর আলেক্সান্ডার দ্য গ্রেট খ্রিষ্টীয় চতুর্থ শতকে কান্দাহার শহরটি প্রতিষ্ঠা করেন। স্থানীয় সভ্যতার ইতিহাস সাত হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হয়। আফগানিস্তানের ইতিহাস ও রাজনীতি মূলত কান্দাহার থেকেই নিয়ন্ত্রিত হয়ে আসছে।দেশটির সবচেয়ে বড় উপজাতি পশতুনদের বাস কান্দাহারে। এটি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নিজ প্রদেশ। ১৯৯৪ সালে কান্দাহারেই তালেবানের জন্ম হয়। এমনকি তালেবানের প্রধান নেতা মোল্লা ওমরের শহরও এই কান্দাহার। তালেবানরা শহরটিকে তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করে। তাদের মতে, কান্দাহারের নিয়ন্ত্রণ মানেই গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ। এ রকম নানাবিধ কারণে কান্দাহার এখন নিয়মিত আত্মঘাতী হামলার শহরে পরিণত হয়েছে। হামলা থেকে বাদ যাচ্ছে না কেউ। এ শহরে বড় বড় রাজনীতিবিদ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই আহমেদ ওয়ালি কারজাইও রয়েছেন। তিনি নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন। নিহতদের তালিকায় রয়েছেন কান্দাহার প্রদেশের পুলিশপ্রধান, মেয়র, জেলা গভর্নর, আঞ্চলিক ও ধর্মীয় জ্যেষ্ঠ নেতা, শিক্ষক, চিকিৎসক এবং আফগান সরকার ও ন্যাটো সমর্থক অন্যান্য অনেক বেসামরিক ব্যক্তি। গোটা আফগানিস্তানই বলতে গেলে এক যুদ্ধক্ষেত্র। তবে কান্দাহার হলো সেই যুদ্ধের মূল কেন্দ্রস্থল। সেখানে তালেবানদের সক্রিয়তা যেমন বেশি, তেমনি হামলার মাত্রাও ভয়াবহ। বিবিসি।