গুরশানের মৃতদেহের পাশে বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় নিহত ভারতীয় শিশু গুরশান সিংয়ের লাশ দেখতে তার বাবা-মা গতকাল শনিবার মেলবোর্ন ময়নাতদন্ত কেন্দ্রে যান। তিন বছরের শিশুসন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এ সময় তাঁরা সন্তানের মৃতদেহের পাশে ঘণ্টাখানেক সময় কাটান। খবর এএফপির।ভারতীয় শিশুর এভাবে মৃত্যুর খবর শুনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড ও ভিক্টোরিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী জন ব্রুমবি তীব্র নিন্দা জানিয়েছেন। গুরশানদের বাড়ি ভারতের পাঞ্জাবে। তাঁর মা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন।গত বৃহস্পতিবার দুপুরের দিকে মেলবোর্ন শহরতলির বাসায় গুরশান তার বাবার সঙ্গে বাইরে যাওয়ার জন্য আবদার করছিল। কিন্তু বাবা তাকে রেখে স্থানীয় একটি গ্রন্থাগারে চলে গেলে সে কান্নাকাটি করে। মা তাকে শান্ত করে দুপুর একটা নাগাদ গোসল করতে যান। বের হয়ে তিনি আর গুরশানকে পাননি। এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রায় ৩০ কিলোমিটার দূরে মেলবোর্ন বিমানবন্দরের কাছে গুরশানের মৃতদেহ পাওয়া যায়। গুরশানের মৃত্যুর কারণ বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কিছুই জানাননি তার বাবা-মা। প্রাথমিক ময়নাতদন্ত হওয়ার পর গুরশানের বাবা-মা অতিরিক্ত ময়নাতদন্তের দাবি জানিয়েছেন।গত বছর অস্ট্রেলিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর অব্যাহত হামলা ও গত জানুয়ারিতে ভারতীয় এক ছাত্রকে হত্যার পর রহস্যময় এ ঘটনায় অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্কে অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এ ঘটনা তদন্তে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ তাদের সেরা কর্মকর্তাদের মাঠে নামিয়েছে। গতকাল তারা লাশ পাওয়া স্থানে একটি ভ্রাম্যমাণ তথ্যকেন্দ্র খুলে তথ্য সরবরাহে এগিয়ে আসতে প্রত্যক্ষদর্শীদের কাছে আহ্বান জানিয়েছে।প্রধানমন্ত্রী কেভিন রাড গত শুক্রবার বলেন, ‘সত্যিকার অর্থে এটি ভয়ংকর ঘটনা। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তবে তারচেয়ে নৃশংস আর কিছু হতে পারে না। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। আমরা দৃঢ় বিশ্বাসী যে কর্তৃপক্ষ এর কারণ বের করতে পারবে।’