গুরুতর অসুস্থ জ্যেষ্ঠ বুশ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ গুরুতর অসুস্থ। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার তাঁর মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এ কথা জানান।১৯৯২ সালে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী বিল ক্লিনটনের কাছে হেরে যান সিনিয়র বুশ। ১৯৯৩ সালে ২০ জানুয়ারি তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হয়। তাঁর ছেলে জর্জ ডব্লিউ বুশ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই দফায় ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জিম ম্যাকগ্রাথ জানান, ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সী জ্যেষ্ঠ বুশ গত ৭ নভেম্বর টেক্সাসের হিউসটনের মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হন। গত ১৯ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে প্রচণ্ড কাশি নিয়ে গত ২৩ নভেম্বর আবার হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে জ্বরে আক্রান্ত হলে তাঁর অবস্থার অবনতি ঘটে। গত রোববার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।১৯৮৯ সালে রিপাবলিকান দলের প্রার্থী জর্জ এইচ ডব্লিউ বুশ ৪১তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯০ সালে ইরাকের কুয়েত দখলের বিরুদ্ধে অবস্থান নেয় তাঁর সরকার। পরের বছর যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালায়। এএফপি ও বিবিসি।