গুরুত্বপূর্ণ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নভেম্বরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে গত মঙ্গলবার ডজনখানেক পদে প্রার্থী নির্বাচন করেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি। আর এ মনোনয়ন অর্জনের দৌড়ে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পেয়েছেন নারীরা।ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সিনেটর পদে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন তথ্যপ্রযুক্তির পণ্য নির্মাতা-প্রতিষ্ঠান হিউলেট-প্যাকার্ডের সাবেক প্রধান নির্বাহী কার্লি ফিওরিনা। ওই অঙ্গরাজ্যে একই দলের হয়ে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ইবে-এর সাবেক প্রধান নির্বাহী মেগ হুইটম্যান। ফিওরিনা নভেম্বরে বর্তমান ডেমোক্র্যাট-দলীয় সিনেটর বারবারা বক্সারের বিরুদ্ধে লড়বেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার বর্তমান গভর্নর আরনল্ড শোয়ার্জনেগারের জায়গাটি নেওয়ার চেষ্টা করবেন মেগ হুইটম্যান। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেরি ব্রাউন। রিপাবলিকান দল থেকে প্রথম নারী প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে মনোনয়ন পেয়েছেন তিনি।আরাকানস অঙ্গরাজ্যে সিনেটর পদে ডেমোক্র্যাটিক দল থেকে প্রার্থী হয়েছেন সিনেটর ব্ল্যাংকে লিংকন। নেভাদা অঙ্গরাজ্যে রিপাবলিকান দল থেকে সিনেটর পদে মনোনয়ন পেয়েছেন কট্টরপন্থী শ্যারন অ্যাঞ্জেল। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক পার্টির নেতা হ্যারি রেইড। ওই অঙ্গরাজ্যে গভর্নর পদে পুনঃপ্রার্থিতা অর্জন থেকে বঞ্চিত হয়েছেন রিপাবলিকান দলের গভর্নর জিম গিবসনস। এ ছাড়া প্রথম নারী হিসেবে সাউথ ক্যারোলাইনার গভর্নর পদে মনোনয়ন পেয়েছেন রিপাবলিকান দলীয় নিক্কি হ্যালি।বিশ্লেষকদের আশঙ্কা, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক দল মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। বর্তমানে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আছে ৫৯টি আসন। আর ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের চেয়ে ৪০টি আসন বেশি তাদের। আগামী নভেম্বরে প্রতিনিধি পরিষদের সব ও সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হবে। বিবিসি।