গুরুত্বপূর্ণ পর্যায়ে জাতিসংঘ মহাসচিব নির্বাচন প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া গতকাল বুধবার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। এদিন নিরাপত্তা পরিষদে ষষ্ঠ ধাপের গোপন ভোট হওয়ার কথা।
এ ভোটাভুটির আগের ধাপগুলোতে এগিয়ে থাকা পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতিরেস এই বিশ্ব সংস্থার আগামী মহাসচিবের পদ অলংকৃত করতে যাচ্ছেন কি না বা নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউ তাঁর প্রচেষ্টায় ভেটো দিচ্ছে কি না, সেসব ব্যাপারে গতকালই স্পষ্ট ইঙ্গিত মেলার কথা।
মহাসচিব বাছাইয়ে গত জুলাই থেকে রুদ্ধদ্বার ভোটাভুটি শুরু হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের যোগ্য উত্তরসূরি বেছে নিতে এ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের মধ্যে একজনের ব্যাপারে মতৈক্যে উপনীত হওয়ার চেষ্টা চালাচ্ছে। বান কি মুনের দ্বিতীয় দফার মেয়াদ চলতি বছর শেষ হচ্ছে।
৭১ বছরের পুরোনো এ বিশ্ব সংস্থাকে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়ার চেষ্টায় নির্বাচনী দৌড়ে শেষ মুহূর্তে নারী প্রার্থী হিসেবে যোগ দেন ইউরোপীয় কমিশনার ক্রিস্টালিনা জর্জিয়েভা। বুলগেরিয়ার এই প্রার্থী পাঁচ ধাপের গোপন ব্যালটে এগিয়ে থাকা গুতিরেসকে কেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, তাও গতকালের ভোটে দেখার আগ্রহের বিষয়গুলোর একটি। তবে কূটনীতিকেরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতায় জর্জিয়েভার যোগ দেওয়াটা অনেক দেরি হয়ে গেছে।
জর্জিয়েভা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী ১৩তম প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে সপ্তম তিনি। নির্বাচনী লড়াই থেকে ইতিমধ্যে দুই নারী ও এক পুরুষ প্রার্থী নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১০ জন।
নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের জন্য রয়েছে অস্থায়ী ১০ সদস্যদেশ থেকে ভিন্ন রঙের ব্যালট পেপার। মহাসচিব বাছাইয়ে নিরাপত্তা পরিষদের এ ভোটাভুটি অনানুষ্ঠানিক হলেও প্রার্থীদের ভাগ্য নির্ধারণে তা খুব গুরুত্বপূর্ণ। স্থায়ী সদস্যদেশের কোনোটি কোনো প্রার্থীর পক্ষে ভেটো দিলে তিনি নির্বাচন থেকে ছিটকে পড়বেন।