গুলবার্গ মামলায় নির্দোষ মোদি, কংগ্রেস ছাড়ছে না
গুজরাট দাঙ্গার গুলবার্গ হত্যাকাণ্ড মামলায় নির্দোষ প্রতিপন্ন হয়েছেন নরেন্দ্র মোদি। তার পরও তাঁকে রুখতে কংগ্রেস আরেক বিষয়ে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব বলেছে, সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আদালতে যাবে।
গুলবার্গ হত্যাকাণ্ডে মোদির সংস্রব নেই বলে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্ত দল যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করেছিলেন সেই ঘটনায় নিহত সাবেক কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। আহমেদাবাদের ম্যাজিস্ট্রেট গতকাল বৃহস্পতিবার সেই মামলার রায় মোদির পক্ষে দিয়েছেন। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মোদির সরকারের বিরুদ্ধে অন্য একটি অভিযোগের তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত নিল। কংগ্রেস-মোদি দ্বৈরথে নবতম চমক এটাই।
অভিযোগটা এনেছিল অনুসন্ধানী দুটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান ‘গুলেল’ ও ‘কোবরাপোস্ট’, গত ১৫ নভেম্বর। অভিযোগের সংক্ষিপ্তসার, ২০০৯ সালে গুজরাটের এক তরুণীকে ২৪ ঘণ্টা নজরদারির আওতায় আনার জন্য রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোদির ঘনিষ্ঠ তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ। এ-সংক্রান্ত যে তথ্যাদি পেশ করা হয়েছিল, তাতে জানা যায়, অমিত শাহ কোনো এক ‘সাহেবের’ উল্লেখ করে সেই নির্দেশ দিয়েছিলেন। সাহেবটি যে মুখ্যমন্ত্রী মোদি, সংবাদমাধ্যমের ইঙ্গিত ছিল তেমনই। নির্দেশ অনুযায়ী সেই নারীর ওপর ২৪ ঘণ্টা নজরদারিই শুধু নয়, তাঁর বাড়ি ও মুঠোফোনে সব সময়ের জন্য আড়িপাতা হয়। তিনি যখন যেখানেই যেতেন, সর্বদাই পুলিশ তাঁর পেছন পেছন যেত। সেই তরুণী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয়া। তিনি একজন বিশিষ্ট স্থপতিও।
তরুণীর ওপর ২৪ ঘণ্টা নজরদারির কারণ নিয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। তবে তা নিয়ে দেশব্যাপী হইচই শুরু হয়ে যায়। বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে তদন্তের দাবি জানানো হয়। প্রবল চাপের মুখে মোদি দুই সদস্যের এক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। পরের কিছুদিনে বিষয়টি প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু বুধবার ‘গুলেল’ নতুন তথ্য দিয়ে জানায়, ওই তরুণীকে চোখে চোখে রাখার জন্য গুজরাট সরকারের পক্ষ থেকে কর্ণাটক সরকারের কাছেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় কর্ণাটকেও ছিল বিজেপির সরকার।
অভিযোগের সমর্থনে ‘গুলেল’ টেলিফোন কথোপকথনের ৩৯টি টেপও দাখিল করে। রাষ্ট্রপতির কাছে পাঠানো দাবিগুলো আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রণব মুখোপাধ্যায় পাঠিয়ে দিয়েছিলেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঠিক হয়, যেহেতু বেআইনিভাবে নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট তরুণীর অধিকার হরণ করা হয়েছে এবং যেহেতু এ কাজে একাধিক রাজ্য সরকার জড়িত, কেন্দ্র তাই আইনগতভাবে এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়ার অধিকারী। ফলে ১৯৫২ সালের তদন্ত কমিশন আইনের ৩ ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল এ বিষয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এক তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। কমিশনকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
বিজেপি এ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছে। অরুণ জেটলি বলেছেন, এ সিদ্ধান্ত তাঁরা আদালতে চ্যালেঞ্জ করবেন। কারণ, তা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার বিরোধী। দলের মুখপাত্র নির্মলা সীতারামন বলেছেন, চার রাজ্যে ভরাডুবির পর কংগ্রেস বিচলিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। দলের সভাপতি রাজনাথ সিং বলেছেন, এটা কোনো নতুন আক্রমণ নয়। মোদিকে রুখতে তারা চেষ্টার কোনো ত্রুটি রাখবে না।