গুলি ছোড়ার পর হামলা: ন্যাটো এটি খোঁড়া অজুহাত: পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে গুলি ছোড়া হয়নি। এই অভিযোগ ন্যাটোর খোঁড়া অজুহাত ছাড়া কিছু নয়। গত সোমবার এক বার্তায় পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস এ কথা বলেন।গত শনিবারের ওই হামলার ঘটনার পর আফগান কর্মকর্তারা দাবি করেন, পাকিস্তানের পক্ষ থেকে উসকানিমূলকভাবে ন্যাটোর সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার পর তাঁরা পাল্টা হামলা চালান। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ন্যাটো অবশ্য এরই মধ্যে এটিকে ‘বেদনাদায়ক অনভিপ্রেত ঘটনা’ বলে অভিহিত করে ক্ষমা চেয়েছে।দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, শনিবারের হামলার ঘটনা ছিল ন্যাটোর আত্মরক্ষা। তালেবান জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় আফগান সেনারা হামলার মুখে পড়েন। একজন আফগান কর্মকর্তা দাবি করেন, কাবুল মনে করে, একটি সেনাঘাঁটি থেকে ওই গুলি ছোড়া হয়।এ ব্যাপারে আতহার আব্বাস বলেন, ‘তাদের এ দাবি সত্যি নয়। এটি হচ্ছে তাদের একটি অজুহাত। পাকিস্তান যদি গুলি ছুড়েই থাকে, তাহলে কি তাদের কোনো ক্ষতি হয়েছে? হতাহতের ঘটনা ঘটেছে?’মেজর জেনারেল আব্বাস বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে ন্যাটোর ওই অভিযান চলে। স্থানীয় সেনা কমান্ডাররা ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে হামলা বন্ধ করার অনুরোধ জানালেও শোনেননি তাঁরা। পাকিস্তানি সেনা কর্মকর্তারা বলে আসছেন, ওই এলাকায় জঙ্গিদের কোনো তৎপরতা ছিল না। হামলার সময় বেশির ভাগ পাকিস্তানি সেনা ঘুমিয়ে ছিলেন। তাঁরা বলেন, ওই চৌকি সম্পর্কে বিশদ তথ্য ছিল ন্যাটোর কাছে। কাজেই তাদের এভাবে হামলা চালানো ঠিক হয়নি।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ওই হামলার ঘটনাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের বড় ঘটনা’ বলে অভিহিত করেন।ন্যাটোর প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, প্রধানমন্ত্রী গিলানির কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা আফগান ও আন্তর্জাতিক সেনা নিহত হওয়ার মতোই অনভিপ্রেত ও দুঃখজনক। ঘটনাটি ন্যাটো তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন।চীনের গভীর দুঃখ প্রকাশ: ন্যাটোর হামলায় পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার গভীর দুঃখ প্রকাশ করেছে চীন। ঘটনার তদন্ত দাবি করেছে তারা। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেন, এ ঘটনায় চীন মর্মাহত ও উদ্বিগ্ন। এ ঘটনায় তারা গভীর সমবেদনা জানায়। এএফপি, বিবিসি।