গুলি থেকে বাঁচাল মুঠোফোন সেট
যুক্তরাষ্ট্রে বুকপকেটে থাকা মুঠোফোন সেটের বদৌলতে ডাকাতের ছোড়া গুলি থেকে প্রাণে বেঁচে গেছেন এক ব্যক্তি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনে গত সোমবার এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো শহরের উইন্টার গার্ডেন এলাকার একটি গ্যাস স্টেশনে সোমবার ভোরে এক ডাকাত হানা দেয়। রিভলবার উঁচিয়ে ওই স্টেশনের এক কর্মচারীকে সিন্দুক খোলার নির্দেশ দেয় ওই ডাকাত। ওই কর্মচারী সিন্দুকটি খুলতে ব্যর্থ হওয়ায় আরেক কর্মচারীকে এটি খোলার নির্দেশ দেয় ডাকাত। ওই কর্মচারীও সিন্দুকটি খুলতে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই ডাকাত গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা কর্মকর্তারা। এ সময় স্টেশনটির এক কর্মচারী তাঁর বুকব্যথার কথা জানান। পরীক্ষা করে দেখা যায়, ওই কর্মচারীর বুক লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তাঁর বুকপকেটে থাকা মুঠোফোন সেটে গুলিটি লাগায় তিনি প্রাণে রক্ষা পান।