রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্তিনা মাতভিয়েনকো বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত৷ তবে তার আগে ইউক্রেনকে গোলাগুলি বন্ধ করতে হবে৷ খবর আইএএনএসের৷
রুশ নেতা মাতভিয়েনকো বলেন, ‘আমরা আলোচনায় বসতে প্রস্তুত৷ এর আগেও আমরা আলোচনায় বসেছি৷ আবারও আলোচনায় বসব৷ কিন্তু আলোচনায় বসার ক্ষেত্রে গোলাগুলি চালিয়ে যাওয়া একধরনের বাধা৷ গোলাগুলি একেবারেই অগ্রহণযোগ্য৷’ তিনি বলেন, ইউক্রেনকে অবশ্যই গোলাগুলি বন্ধ করতে হবে৷
ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর উদ্দেশে মাতভিয়েনকো বলেন, ইউক্রেনের নতুন নেতাকে এটা স্পষ্ট করতে হবে, রাশিয়াকে ছাড়া তাঁর দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারবে না৷ রুশ এই নেতা জোর দিয়ে বলেন, ‘রাশিয়াকে ছাড়া ইউক্রেনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধান অসম্ভব৷’
ইউক্রেন সরকার গত এপ্রিল থেকে দেশটির পূর্বাঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান চালিয়ে যাচ্ছে৷ ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে৷ তবে রাশিয়া বলছে, স্থানীয় রুশভাষীরা নিজেদের রক্ষার চেষ্টা করছে৷ রুশভাষীদের রক্ষার দায়িত্ব রাশিয়া সরকারের৷