প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কান্দাহারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বিমানবন্দরের পাঁচ নারী নিরাপত্তাকর্মী ও এক চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দক্ষিণ কান্দাহারে এ ঘটনা ঘটে। ওই নারী কর্মীরা তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খাপলওয়াক জানিয়েছেন, নিহত ওই পাঁচ নারী কর্মীর দায়িত্ব ছিল বিমানবন্দরে নারী যাত্রীদের নিরাপত্তা তল্লাশি করা। একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল। গতকাল সকালে ওই পাঁচ নারী মাইক্রোবাসে করে বিমানবন্দরে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী এসে গুলি করে পালিয়ে যায়। এই হামলার দায়িত্ব কোনো সংগঠন এখনো স্বীকার করেনি। তবে দেশটির তালেবান জঙ্গিরা নারীদের ঘরের বাইরে কাজ করার বিরোধী।
রয়টার্স