গুয়াতেমালায় এবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ব্যাপক ভূমিধস, নিহত ১৩
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর গুয়াতেমালায় এবার গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি ঝড় আঘাত হেনেছে। ‘আগাথা’ নামের এ ঝড়ের প্রভাবে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে গতকাল রোববার সকাল পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে আগ্নেয়গিরি থেকে উদিগরণ হওয়া ছাই অপসারণ করা যাচ্ছে না। রানওয়েতে ছাই জমে যাওয়ায় গুয়াতেমালা সিটির লা অরোয়া আন্তর্জাতিক বিমানবন্দর আরও পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জরুরি অবস্থার মেয়াদও বাড়ানো হয়েছে।গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায় গত শনিবার মৌসুমি ঝড় আগাথা আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার হলেও, এটি পরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। তবে, কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, গুয়াতেমালা ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে পাহাড়ি ও নদী-তীরবর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গুয়াতেমালার প্রেসিডেন্ট আলভারো কলোম শনিবার রাতে বলেছেন, ‘আগাথা নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে ঝড়ের তীব্রতা কমে গেছে। তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।’ তিনি জানান, গত ১২ ঘণ্টায় দশ দশমিক আট সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত নাগাদ চার হাজার ৩০০ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ডেভিড ডি লিয়ন জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে গুয়াতেমালা সিটির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চারজন মারা গেছে। নিখোঁজ রয়েছে ১১ জন। রাজধানীর ১০ কিলোমিটার বাইরে সান্তা কাটারিনা পিনুলা শহরে অপর এক ভূমিধসের ঘটনায় মারা গেছে চারটি শিশু। গুয়াতেমালা সিটির ২০০ কিলোমিটার পশ্চিমে দুটি শিশুসহ মারা গেছে আরও পাঁচজন। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র রোনাল্ড রবলেস ঘোষণা দেন, ‘লা অরোয়া আন্তর্জাতিক বিমানবন্দর আরও অন্তত পাঁচ দিন বন্ধ থাকবে।’ এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ জানায়, রানওয়ে থেকে ছাই সরাতে আরও সময় লাগবে।গুয়াতেমালা সিটির ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাকায়া আগ্নেয়গিরিতে গত বৃহস্পতিবার অগ্ন্যুৎপাত হয়। এর ফলে আশপাশের এলাকা ছাইয়ে ঢেকে যায়। আকাশে ছাই মেঘের সৃষ্টি এবং রানওয়েতে ছাই জমা হওয়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে গুয়াতেমালা সিটির পার্শ্ববর্তী নদীগুলোর উচ্চতা বেড়ে গেছে। শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। পানির তোড়ে কয়েকটি সেতু ইতিমধ্যে ভেঙে গেছে। নদী-তীরবর্তী হাজার হাজার লোক নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কর্মকর্তারা জানান, আগ্নেয়গিরির ছাইয়ে নালাগুলো আটকে যাওয়ায় পানি সরে যেতে পারছে না। এ কারণে শহরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এএফপি ও বিবিসি।