গুয়ানতানামো কারাগার বন্ধ করে প্রতিশ্রুতি রক্ষা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় বিতর্কিত মার্কিন কারাগার গুয়ানতানামো বে বন্ধ করে প্রথম মেয়াদে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। পাশাপাশি অযাচিত নজরদারি, চালকবিহীন বিমান (ড্রোন) হামলা এবং বিচারবহির্ভূত হত্যা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার কয়েকটি সংগঠন এই আহ্বান জানায়। ২০০৯ সালের জানুয়ারিতে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক দিন পর বিতর্কিত গুয়ানতানামো বে কারাগার এক বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ওবামা। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আওতায় সন্দেহভাজন বন্দীদের আটক করে এই কারাগারে রেখেছে। বিভিন্ন সময়ে এই বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের খবর বের হয়। এমনকি এই বন্দীদের আইনি সহায়তা নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। এসব কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনার মুখে ওবামা ওই কারাগার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। কিন্তু প্রথম মেয়াদে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হন তিনি।মানবাধিকার সংগঠনগুলো ওবামার কঠোর সমালোচনা করে বলেছে, প্রতিশ্রুতি দিয়েও গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে ব্যর্থ হয়েছেন ওবামা। এ ক্ষেত্রে তিনি তাঁর পূর্বসূরি রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নীতিই অনুসরণ করেছেন।আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) নির্বাহী পরিচালক অ্যান্থনি রোমেরো বলেন, ‘ড্রোন হামলা এবং বিচারবহির্ভূত হত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি।’ এএফপি।