গুয়ানতানামো বন্দীদের সব নথি প্রকাশ করল উইকিলিকস
উইকিলিকস গত বৃহস্পতিবার আবারও বেশ কিছু মার্কিন কূটনৈতিক গোপন নথি প্রকাশ করেছে। এগুলোর মধ্যে কিউবায় মার্কিন কারাগার গুয়ানতানামোর বন্দীদের সব নথি রয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপ ও মামলা সত্ত্বেও এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এসব তথ্য প্রকাশে অনড় রয়েছেন।যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর থেকে গ্রেপ্তার করে গুয়ানতানামো বে কারাগারে রাখা বন্দীদের অনেককেই এর মধ্যে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনো সেখানে ১৭২ জন বন্দী রয়েছে। ২০০৮ সালে নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বন্ধ করে দেওয়ার অঙ্গীকার পূরণে বন্দীদের মুক্তি দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়।গুয়ানতানামো বে কারাগারের ৭৫৯ জন বন্দীকে জিজ্ঞাসাবাদের বিশদ বিবরণ জয়েন্ট টাস্কফোর্স লিখে রাখে। ওই নথিই পরে উইলিকিস সংগ্রহ করে। বন্দীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আফগানিস্তানের (২২৩) নাগরিক। এর পর রয়েছে যথাক্রমে সৌদি আরব (১৩৫), ইয়েমেন (১১০) ও পাকিস্তানের (৬৯) নাগরিক। ২০০৮ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সে দেশের জাতীয় পরিষদকে বলেন, গুয়ানতানামো কারাগারে এখন মাত্র ছয়জন পাকিস্তানি বন্দী আছেন। তাঁদের মুক্তির জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই ছয় বন্দীর মধ্যে আল-কায়েদার জ্যেষ্ঠ সদস্য আম্মার আল বালুচি, তাঁর ভাগ্নে খালিদ শেখ মুহাম্মদ, মজিদ খান, সফিউল্লা পারাছা প্রমুখ রয়েছেন। তাঁরা ওই ৯/১১-এর হামলার সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।এদিকে এমআইটি স্নাতক পাকিস্তানি আফিয়া সিদ্দিকীর গ্রেপ্তার-বিতর্কের ব্যাপারেও তথ্য প্রকাশ করা হয়েছে। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০০৮ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে আফিয়াকে যুক্তরাষ্ট্রে বন্দী করে রাখা হয়। দ্য হিন্দু অনলাইন।