গুয়ানতানামো বে থেকে মুক্তি পেলেন ওসামার সাবেক পাচক
মার্কিন বাহিনীর হামলায় নিহত আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের সাবেক পাচক ইব্রাহিম আল কোসি সুদানে নিজ দেশে ফিরেছেন। তিনি গতকাল বুধবার সকালে কিউবার গুয়ানতানামো বের মার্কিন বন্দিশালা থেকে মুক্তি পান। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল-ওবেইদ মেরু বলেন, ইব্রাহিম আল কোসি ইতিমধ্যে খার্তুমে পৌঁছেছেন। তিনি এখন মুক্ত মানুষ।২০১০ সালের আগস্টে আদালতের নথিপত্র থেকে জানা যায়, ইব্রাহিমের ১৪ বছরের কারাদণ্ডের মেয়াদ এ মাসে স্থগিত করার কথা। সেই হিসাবে তিনি মুক্তি পেলেন। তিনি ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্র পরিচালিত গুয়ানতানামো বে কারাগারে বন্দী ছিলেন। ওসামা বিন লাদেন প্রায় পাঁচ বছর সুদানে বসবাস করেছেন। এ সময় তাঁর পাচক হিসেবে কাজ করেন ইব্রাহিম। গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন ওসামা। এএফপি।