গুয়ানতানামো বে বন্ধে ফের অঙ্গীকার করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার আবারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কারাগারটির অর্ধেকেরও বেশি বন্দীর অনশনে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি গত মঙ্গলবার এই ইঙ্গিত দেন। এ লক্ষ্যে একজন দূত নিয়োগেরও পরিকল্পনা করছেন তিনি।ওবামা প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট র্নিবাচিত হওয়ার পর গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি তাঁর প্রতিশ্রুতি রাখতে পারেননি। এখনো এই কারাগার বন্ধ করা তাঁর জন্য সহজ কাজ হবে না। ওবামা গত মঙ্গলবার বলেন, এই কারাগার যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারে বেসামরিক বিচারব্যবস্থাই যথেষ্ট।এর আগে মার্কিন কংগ্রেস কারাগারটি বন্ধের প্রথম প্রচেষ্টা বন্ধ করে দিলেও এ ব্যাপারে আইনপ্রণেতাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করবেন বলে জানান প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, ‘একদল কর্মকর্তাকে গুয়ানতানামোর কার্যক্রম পর্যালোচনার নির্দেশ দিয়েছি।’ওবামা বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে গুয়ানতানামোর দরকার নেই, এটা বোঝা আমাদের জন্য দুরূহই বটে।’ তিনি আরও বলেন, ইরাকযুদ্ধ শেষ হয়েছে, আফগানিস্তানের কারাগার সে দেশের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই এই কারাগারের আর দরকার নেই।মার্কিন মুখপাত্র জেই কার্নি বলেন, ‘কারাগারে যে ১৬৬ জন বন্দী রয়েছেন, তাঁদের স্থানান্তর এবং কারাগারটি বন্ধ করার বিষয়ে কাজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট।’ তিনি বলেন, ‘আমাদের হাতে করণীয় অনেক কিছু আছে।’বর্তমানে কারাগারটিতে ১৬৬ জন বন্দীর অনেকে অনশন করছেন। অনশনকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। ‘সন্ত্রাসবিরোধী’ যুদ্ধের অংশ হিসেবে ২০০২ সালের জানুয়ারিতে ক্যারিবীয় উপসাগর অঞ্চলে কিউবার গুয়ানতানামো বে উপকূলে মার্কিন নৌঘাঁটিতে এই কারাগার স্থাপন করে তৎকালীন বুশ প্রশাসন।সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার নাভি পিল্লাইও বলেন, শিগগিরই গুয়ানতানামো বে বন্ধ করে দেওয়া উচিত। এএফপি।