গুয়ানতানামোর আদালত চালুর নির্দেশ ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কারাগার গুয়ানতানামো বে বন্ধ করে দেওয়ার পূর্বপ্রতিশ্রুতি থেকে সরে এলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার ওই কারাগারে আটক বন্দীদের সামরিক আদালতে পুনরায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।কয়েক বছর আগে কিউবায় অবস্থিত এই বন্দিশালায় আটক বন্দীদের ওপর মার্কিন সেনাদের অমানুষিক নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়লে দুনিয়াজুড়ে হইচই পড়ে যায়। মানবাধিকার সংস্থাগুলো বন্দিশালাটি বন্ধ করে দেওয়ার দাবি জানায়। সেখানে আটক বন্দীদের নিজ দেশে পাঠিয়ে বা বেসামরিক আদালতে বিচার করার দাবি জানায় তারা। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি তখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেই সময়ের ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা নির্বাচনী প্রচারে ক্ষমতায় গেলে এটি বন্ধ করে দেবেন বলে ঘোষণা দেন। ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় তিনি গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার এবং সেখানকার বন্দীদের বেসামরিক আদালতে বিচারের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তিনি গুয়ানতানামো কারাগার গুটিয়ে নেওয়ার কার্যক্রমও শুরু করেন। কিন্তু কংগ্রেসের বিরোধিতার কারণে তিনি বেশি দূর এগোতে পারেননি। কংগ্রেস গুয়ানতানামো বেতে আটক বন্দীদের যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে যেতে দিতে রাজি না হওয়ায় ওবামা অনেকটা বাধ্য হয়েই বন্দিশালাটির সামরিক আদালত আবার চালুর নির্দেশ দিলেন।গুয়ানতানামো বেতে আটক বন্দীদের বিচারকাজ চালুর আদেশ দিয়ে সোমবার প্রেসিডেন্ট ওবামা একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল-কায়েদা ও এর সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিচার বিভাগও গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের জাতীয় নিরাপত্তা সমুন্নত রাখতে ও মূল্যবোধ সুসংহত করতে আমরা কেন্দ্রীয় আদালতসহ বিচারের সব দ্বার উন্মুক্ত রাখব।’ এপি, টেলিগ্রাফ।