গুয়ানতানামোর ইয়েমেনি বন্দীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে মুক্তির আদেশ পাওয়া বন্দীদের ইয়েমেনে স্থানান্তর স্থগিত করেছেন। বড়দিনে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার প্রেক্ষাপটে গত মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। তবে তিনি গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা মতৈক্যে পৌঁছেছি যে এ মুহূর্তে অতিরিক্ত কোনো বন্দীকে আমরা ইয়েমেনে ফেরত পাঠাব না।’তবে একই সঙ্গে গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচকদের প্রতিও একটি বার্তাও পৌঁছে দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ। তবে বন্দীদের স্থানান্তর কত দিন পর্যন্ত স্থগিত থাকবে, সেটা পরিষ্কার নয়।দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ওবামার এই সিদ্ধান্তকে ‘অবিচক্ষণ’ ও ‘অন্যায্য’ হিসেবে বর্ণনা করে তার তীব্র সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, কোনো সুনির্দিষ্ট দেশের নাগরিক শুধু এ কারণে মুক্তির আদেশ পাওয়া কাউকে আটকে রাখা অন্যায়।গুয়ানতানামো বে বন্দিশিবিরে বর্তমানে আটক প্রায় অর্ধেক বন্দীই ইয়েমেনের নাগরিক। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অনেক বন্দীকে কোনো অভিযোগ ছাড়াই আট বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ওবামার সিদ্ধান্তের ফলে কোনো বিচার ছাড়াই ইয়েমেনি বন্দীদের অনির্দিষ্টকাল ধরে আটকে রাখার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। এএফপি।