গুয়ানতানামোর পাঁচ বন্দীকে কাতারে পাঠানো হচ্ছে
কিউবার গুয়ানতানামো বের মার্কিন সামরিক বন্দিশিবিরে পাঁচ তালেবান যোদ্ধাকে উপসাগরীয় দেশ কাতারে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঊর্ধ্বতন আফগান কর্মকর্তা এ কথা জানান। ওই বন্দীরাও কাতারে যেতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।কর্মকর্তারা জানান, তালেবান যোদ্ধাদের শান্তি আলোচনায় আগ্রহী করে তুলতেই ওই পাঁচ যোদ্ধাকে মুক্তি দিয়ে কাতারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ চুক্তিতে ওই পাঁচ যোদ্ধারও অনুমোদন রয়েছে। গত সপ্তাহে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরের পর উদ্যোগটি নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো পাঁচ তালেবান যোদ্ধাকে মুক্তি দিতে সম্মত হয়নি।বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা আরও জানান, প্রথম দিকে আফগান প্রেসিডেন্ট বন্দীদের আফগানিস্তানের পরিবর্তে কাতারে পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। তবে বন্দীরা কাতারে যেতে সম্মত হওয়ায় চুক্তিটি বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য এ জঙ্গিদের মুক্তির বিরোধিতা করেছেন। টাইমস অব ইন্ডিয়া।