গুয়ানতানামোর সাবেক বন্দীকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর খাদর
ওমর খাদর

গুয়ানতানামো বে কারাগারের এক সাবেক বন্দীকে ক্ষতিপূরণ দেবে কানাডা সরকার। ওমর খাদর নামের ওই বন্দীকে দেশটির ক্ষমতাসীন লিবারেল সরকার এক কোটি কানাডীয় ডলার (৭৭ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেবে বলে গত মঙ্গলবার জানা গেছে। তবে কানাডা সরকারের এ সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না দেশটির বিরোধী দল।
আমেরিকার সেনাদের সঙ্গে খণ্ডযুদ্ধের পর কানাডার নাগরিক ওমর খাদরকে ২০০২ সালে আফগানিস্তানে আটক করা হয়। সে সময় তাঁর বয়স ছিল ১৫ বছর। মার্কিন এক সামরিক চিকিৎসককে হত্যার দায়ে তাঁকে শাস্তিস্বরূপ পাঠানো হয় কিউবায় গুয়ানতানামোতে অবস্থিত আমেরিকার সামরিক কারাগারে। কিন্তু পরবর্তী সময়ে খাদর এ অভিযোগ অস্বীকার করেন। পরে খাদরের আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে কানাডার সুপ্রিম কোর্টের দেওয়া এক আদেশে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তা দ্বারা জিজ্ঞাসাবাদ ও এর মাধ্যমে প্রাপ্ত তথ্য আমেরিকার কাছে হস্তান্তরের মাধ্যমে কানাডা খাদরের অধিকার খর্ব করেছে। এ নিয়ে একধরনের মতবিরোধ দেখা দেয় তখনকার রক্ষণশীল সরকার ও খাদরের পক্ষাবলম্বনকারীদের মধ্যে। দেশটির তৎকালীন সরকার জানিয়ে দেয়, খাদরের বিরুদ্ধে একটি ভয়াবহ অপরাধ প্রমাণ হয়েছে। এ অবস্থায় তাঁর প্রতি দয়া প্রদর্শনের কোনো সুযোগ নেই।
এক দশক বন্দী থাকার পর খাদর ২০১২ সালে গুয়ানতানামো থেকে কানাডায় ফেরেন। ২০১৫ সালে তিনি জামিনে মুক্ত হন। পরবর্তী সমেয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দুই কোটি কানাডীয় ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে কানাডা সরকার তাঁকে এক কোটি কানাডীয় ডলার দিতে সম্মত হয়েছে। এ সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে স্বাগত জানিয়েছেন দেশটির ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসের নির্বাহী পরিচালক ইহসান গার্দি। তবে এ বিষয়ে দেশটির সরকার কিংবা খাদরের আইনজীবীর কোনো মন্তব্যই পাওয়া যায়নি।
তবে সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে দেশটির বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। দলটির পাবলিক সেফটি মুখপাত্র টনি ক্লিমেন্ট বলেন, ভুল আচরণ স্বীকার করা পর্যন্ত ঠিক আছে। কিন্তু মিত্রবাহিনীর এক সৈনিকের হত্যাকারীকে এভাবে পুরস্কৃত করা ভীষণ রকম ভুল একটি সিদ্ধান্ত।
তথ্যসূত্র: রয়টার্স