গুয়ানতানামোয় কানাডীয় জঙ্গির ৪০ বছরের কারাদণ্ড
কিউবার গুয়ানতানামো বে-র মার্কিন বন্দিশিবিরের সবচেয়ে কনিষ্ঠ বন্দী কানাডীয় জঙ্গি ওমর খাদরকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুদ্ধাপরাধ আদালত। আফগানিস্তানে গ্রেনেড ছুড়ে মার্কিন সেনা হত্যাসহ পাঁচটি যুদ্ধাপরাধের দায়ে গত রোববার তাঁকে এই দণ্ড দেওয়া হয়। তবে মার্কিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে করা এক চুক্তির পরিপ্রেক্ষিতে ওমরকে আর মাত্র আট বছর কারাভোগ করতে হবে।মার্কিন সেনা বিচারক কর্নেল প্যাট্রিক প্যারিস বলেন, দুই পক্ষের চুক্তির ভিত্তিতে খাদরকে আরও এক বছর গুয়ানতানামো বে কারাগারে থাকতে হবে। এরপর অটোয়ার অনুমোদন পেলে তাঁকে কানাডার কারাগারে পাঠানো হবে।খাদরের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ তিনি এর আগে আদালতের কাছে স্বীকার করেন। বন্দিশিবিরে অবস্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে এই পাঁচটি অভিযোগ এনেছিল। খাদরের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে, সেনা বিচারক কর্নেল প্যাট্রিক প্যারিস গত ২৫ অক্টোবর তা পড়ে শোনান।আফগানিস্তানে ২০০২ সালে গ্রেনেড ছুড়ে মার্কিন সেনা কর্মকর্তা ক্রিস্টোফার স্পিয়ারকে হত্যা করেন খাদর। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এ ছাড়া আল-কায়েদাকে জঙ্গি তৎপরতায় সহায়তা দেওয়াসহ পাঁচটি অপরাধের দায়ে খাদরকে এই সাজা দেওয়া হয়। সাজা ঘোষণার পর নিহত ক্রিস্টোফারের স্ত্রী আদালতকক্ষে জুরিদের সিদ্ধান্তকে স্বাগত জানান। এর আগে খাদর তাঁর কৃতকর্মের জন্য ক্রিস্টোফারের স্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন। খাদরের বিরুদ্ধে রোববার ঘোষণা করা এই রায় অনেকটাই প্রতীকী।খাদরকে (২৪) ২০০২ সালে আহত অবস্থায় আফগানিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে প্রায় আট বছর তিনি গুয়ানতানামো বন্দিশিবিরে রয়েছেন। খাদরই গুয়ানতানামো বে বন্দিশিবিরের সর্বশেষ পশ্চিমা বন্দী। এএফপি ও বিবিসি।