আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি বলেছেন, আফিয়া সিদ্দিকিসহ গুয়ানতানামো বে কারাগারে অনশনরত বন্দী অন্যদের মুক্ত করতে তাঁরা কোনো চেষ্টা করবেন না। কারণ বন্দীদের অনশন বিশ্ববাসীর সামনে যুক্তরাষ্ট্রের ‘কুৎসিত মুখোশ’ খুলে দিচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি গতকাল বুধবার ইন্টারনেটে ইসলামভিত্তিক একটি ওয়েবসাইটে দেওয়া অডিও বার্তায় ওই কথা বলেন। তবে এই অডিও বার্তা তাঁরই কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।কিউবার গুয়ানতানামো বেতে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রণাধীন কারাগারটিতে আটক সন্দেহভাজন জঙ্গিদের ওপর নির্যাতনসহ অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। জাওয়াহিরির বলে কথিত অডিও বার্তায় বলা হয়, ‘গুয়ানতানামো বে কারাগারে অনশনরত আমাদের ভাইয়েরা যুক্তরাষ্ট্রের কুৎসিত মুখোশ খুলে দিচ্ছে। আমরা তাঁদের মুক্ত করতে কোনো চেষ্টা চালাব না। সেখানে আমাদের শীর্ষ নেতাদের মধ্যে ওমর আবদেল রহমান, আফিয়া সিদ্দিকি, খালেদ শেখ মোহাম্মদ আছেন।’এ ব্যাপারে আল-কায়েদা ঠিক কী করতে চায় তা অডিও বার্তায় উল্লেখ করা হয়নি। তবে অতীতে জঙ্গিরা পশ্চিমা নাগরিকদের অপহরণ করেছে এবং অপহূত ব্যক্তিদের মুক্তির বিনিময়ে গুয়ানতানামোর বন্দীদের মুক্তি দাবি করেছে।আল-কায়েদা গত সপ্তাহে ইরাকের দুটি কারাগার থেকে অন্তত ৫০০ বন্দীকে মুক্ত করার কথা স্বীকার করেছে। গত মঙ্গলবার পাকিস্তানে তালেবান গোষ্ঠী কারাগার ভেঙে অন্তত ১৭৫ বন্দীকে মুক্ত করে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর বিশ্বজুড়ে মার্কিন অভিযানে আটক ব্যক্তিদের গুয়ানতানামো বে কারাগারে রাখা হয়। এখনো অন্তত ১৬৬ জন সেখানে বন্দী। অনির্দিষ্টকাল ধরে আটক রাখার প্রতিবাদে বন্দীদের অনেকে সম্প্রতি অনশন শুরু করেন। কোনো কোনো অনশনকারীকে জোর করে খাওয়ানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে। জাওয়াহিরি গতকালের অডিও বার্তায় বলেন, ওয়াশিংটন ইসলামপন্থীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান, আফগানিস্তান ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের এ ড্রোন হামলা এসব জায়গায় তাদের পরাজয়েরই ইঙ্গিত বহন করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করে জাওয়াহিরি বলেন, ‘এসব গোয়েন্দা উড়োজাহাজ আপনাদের পরাজয় ঠেকাতে পারবে না। এটা আপনার প্রশাসনের ব্যর্থতারই ইঙ্গিত দেয়।’অনেক মানবাধিকার সংগঠন জঙ্গি দমনের নামে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার কড়া সমালোচনা করেছে। কারণ এসব হামলায় অনেক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। রয়টার্স।