গৃহবন্দিত্বের মধ্যেই সু চির জন্মবার্ষিকী উদ্যাপন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ৬৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে গতকাল শনিবার। এ উপলক্ষে দেশে ও দেশের বাইরে সু চির সমর্থক গণতন্ত্রকামী মানুষেরা জনপ্রিয় এ নেত্রীর মুক্তির দাবি জানান। সু চি বিশ্বের একমাত্র নোবেল শান্তি পুরস্কারজয়ী, যিনি গৃহবন্দী রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সু চিকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জনিয়ে তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার দাবি করেছেন।মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনে গতকাল সু চির সমর্থকেরা মোমবাতি জ্বালিয়ে ও হলুদ গোলাপ ফুল দিয়ে সু চির জন্মবার্ষিকী উদ্যাপন করেন। তাঁরা ৬৫টি পায়রা উড়িয়ে সু চির মুক্তি দাবি করেন ও স্লোগান দেন ‘সু চি দীর্ঘজীবী হোন’। গত ২০ বছরে ১৫টি জন্মবার্ষিকী বন্দিদশার মধ্যে কাটিয়েছেন সু চি। সু চির আইনজীবী নিয়ান উইন বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, সু চি স্বাধীনভাবে তাঁর জন্মদিন উদ্যাপন করতে পারছেন না।’ তিনি জানান, গৃহবন্দী সু চি তাঁর বাড়ির কাজে নিয়োজিত নির্মাণ-শ্রমিকদের দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে জন্মদিন উদ্যাপন করছেন।কঠোর নিরাপত্তায় ঘেরা সু চির বাড়িতে গতকাল তাঁর রাজনৈতিক সমর্থকদের পাঠানো একটি কেক ও এক তোড়া ফুল ঢুকতে দেওয়া হয়েছে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কর্মীরা তাঁদের নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ২০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন।গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সু চির জন্মবার্ষিকী উপলক্ষে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সু চিকে মুক্তি দেওয়ার জন্য তিনি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানান। গণতন্ত্রপন্থী এই নেত্রীর সাহস, একাগ্রতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন ওবামা।এক খোলা চিঠিতে ডেভিড ক্যামেরন সু চিকে বলেন, ‘মানসিক শক্তির একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছেন আপনি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমার নেতৃত্বে থাকা ব্রিটিশ সরকার মিয়ানমার ও আপনার জনগণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক এবং দ্বিপক্ষীয় উদ্যোগ অব্যাহত রাখবে।’ এ ছাড়া সু চির মুক্তির দাবি জানিয়ে এক বিবৃতিতে বান কি মুন বলেন, ‘যত দ্রুত সম্ভব, অং সান সু চিসহ মিয়ানমারের সব রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমি, যাতে তাঁরা একটি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।’ যুক্তরাজ্যও সু চির মুক্তি দাবি করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেন, ‘তাঁর অব্যাহত বন্দিদশা ও মিয়ানমারের দুই হাজার ১০০ রাজনীতিককে বন্দী করে রাখার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।’মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকও সু চির মুক্তি দাবি করেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নীতি ভেঙে নাজিব বলেন, ‘মিয়ানমারে জাতীয় পুনরেকত্রীকরণ দেখতে চাই আমরা।’ আসিয়ানের নীতিমালায় বলা আছে, সদস্যদেশগুলো পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বিশ্বের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সূ চির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। মালয়েশিয়ায় নির্বাসিত ১০০ মিয়ানমারের নাগরিক গতকাল কেক কেটে ও দেশাত্মবোধক গান গেয়ে সু চির জন্মবাষিকী উদ্যাপন করে। তাঁকে আটক রাখার প্রতিবাদে জাপানের রাজধানী টোকিওতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে দুশ বিক্ষোভকারী। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে মানবাধিকার কর্মীরা সু চির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি দেয়ালে বিভিন্ন বার্তা লেখেন। এ ছাড়া ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটে বিভিন্ন বার্তা লিখে সু চির পক্ষে সমর্থন জানান সমর্থকেরা।১৯৯০ সালে সু চির দল জাতীয় নির্বাচনে জিতলেও ক্ষমতাসীন সামরিক জান্তা তাদের ক্ষমতা নিতে দেয়নি। বরং সু চিসহ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আটক করে। এর পর গত ২০ বছরের মধ্যে ১৪ বছরেরও বেশি সময় গৃহবন্দী করে রাখা হয়েছে সু চিকে। এএফপি, বিবিসি।