গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের সেনাবাহিনীর দুই পক্ষের মধ্যে দুই দিনের সংঘর্ষে চার থেকে পাঁচ শ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে সংস্থাটি বলছে, ‘ছাড়া ছাড়া ভাবে পাওয়া তথ্যের’ কারণে নিহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের বিরুদ্ধে ‘সামরিক অভ্যুত্থানের চেষ্টার’ পর দেশটির সেনাবাহিনীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সার্বিক পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উত্তর আফ্রিকার বিশাল দেশ সুদান ভেঙে দক্ষিণ সুদান মাত্র ২০১১ সালের জুলাইতে স্বাধীনতা পায়।
প্রেসিডেন্ট কির অভিযোগ করেন, বিরোধী দলের নেতা রিক মাচারের সমর্থিত সেনাবাহিনীর একটি অংশ গত রোববার রাতে তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই রাতে ক্ষমতাসীন দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) বৈঠকে সশস্ত্র সেনা সদস্যরা গুলি চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
তবে পলাতক বিরোধী নেতা মাচার গতকাল বুধবার প্যারিসভিত্তিক সংবাদ ওয়েবসাইট সুদান ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, রাজধানী জুবায় যে ঘটনা ঘটেছে তা প্রেসিডেন্টের রক্ষী বাহিনীর বিভিন্ন অংশের মধ্যে ভুল-বোঝাবুঝির ফল। এখানে সামরিক অভ্যুত্থান চেষ্টার মতো কোনো ঘটনা ঘটেনি।
জাতিসংঘের কূটনীতিকেরা জুবার স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানান, রোববার রাতে ওই ঘটনার পর সোমবার ও মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ চলে। এতে চার শ থেকে পাঁচ শ জন নিহত হয়ে থাকতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষের মধ্যেই সোম ও মঙ্গলবার সাঁড়াশি অভিযান চালিয়ে সাবেক অর্থমন্ত্রীসহ অন্তত ১০ জন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত জেরার্দ অরাদ গত মঙ্গলবার বলেন, ‘সংঘর্ষ ছড়িয়ে পড়ায় জুবায় জাতিসংঘের শরণার্থী শিবিরে অন্তত ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে না। এই মুহূর্তে এ সংখ্যা নিশ্চিত করা সম্ভব না হলেও বলা যায় হতাহতের সংখ্যা অনেক।’
অরাদ গতকাল বলেন, দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। জুবায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এই সংঘর্ষকে জাতিগত সংঘর্ষ বলছেন কেউ কেউ। তবে ইউনিটি স্টেটের গভর্নর সিমন কুন পুচ বলেন, এটা জাতিগত সংঘর্ষ নয়। বিবিসি।