গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইউক্রেন: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে ইউক্রেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় পুতিন এমন মন্তব্য করেছেন। আজ বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এএফপির খবরে বলা হয়, মস্কোপন্থীদের দমন করতে গতকাল মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক শহরে সৈন্য দল ও ট্যাঙ্ক পাঠিয়েছে কিয়েভ। এ নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে চলমান উত্তেজনা বেড়েছে।
বিদ্যমান এ পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দেশটির (ইউক্রেন) বিদ্যমান সংঘাতময় পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে উল্লেখ করে রাশিয়ায় প্রেসিডেন্ট বলেছেন, দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, টেলিফোন আলাপচারিতায় দুই নেতাই ইউক্রেনের সংকট মোকাবিলায় তিন জাতি ও একটি সংস্থার (রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন) মধ্যে পরিকল্পিত আলোচনা হতে হবে বলে মন্তব্য করেছেন।

এদিকে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) জেনারেল ভাসিল ক্রুতোভ সাংবাদিকদের কাছে মন্তব্য করে বলেছেন, ‘তাঁদের সতর্ক করে দিয়ে বলতে চাই, অস্ত্র প্রত্যাহার না করলে তাঁরা (মস্কোপন্থী সরকারবিরোধীরা) ধ্বংস হয়ে যাবে।’