গৃহযুদ্ধের পথে থাইল্যান্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকার ও অজানা এক লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে থাইল্যান্ড। প্রায় চার মাসব্যাপী সরকারবিরোধী লাগাতার আন্দোলন শেষে একধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। দেশ ক্রমেই চলে যাচ্ছে সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সব মিলিয়ে সেখানে গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতার রাশ ক্রমেই আলগা হতে শুরু করেছে। রাজধানী ব্যাংককে অনুপস্থিতির কারণে তাঁকে সমালোচকেরা ‘পলায়নপর প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছেন। বিক্ষোভকারীরা গত সপ্তাহে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তখন সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। ব্যাংকক ও থাইল্যান্ডের পূর্বাঞ্চলে সহিংসতায় চার শিশুসহ পাঁচজন নিহত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতির কারণে থাইল্যান্ডে বিদেশি বিনিয়োগ স্পষ্টত কমে যাবে। নিরাপত্তা বাহিনীর বাড়তি সক্রিয়তা দেখা যাচ্ছে না। এদিকে, সংকট ঘনীভূত হলেও সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে নারাজ। থাই সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা বলেছেন, তাঁর বাহিনী জনগণের বিরুদ্ধে অকারণ যুদ্ধে জড়াতে চায় না।
অতীতের মতো এবারও সংকটে নীরব ভূমিকায় থাইল্যান্ডের ৮৬ বছর বয়সী রাজা ভূমিবল আদুলইয়াদেজ। এ পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক ঝুঁকিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান লুইস বলেন, সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার মতো নিরপেক্ষ ও বিশ্বস্ত তৃতীয় পক্ষের অভাব দেখা দিয়েছে।
সংকটের মূলে রয়েছে সরকারবিরোধী মধ্যবিত্ত জনগোষ্ঠী। দক্ষিণাঞ্চলভিত্তিক এই লোকজন রাজতন্ত্রের সমর্থক। এদের বিরুদ্ধে রয়েছে উত্তরের গ্রামাঞ্চলভিত্তিক কৃষক সম্প্রদায়। তারা ইংলাক ও তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সমর্থন করে। উভয় পক্ষেরই সশস্ত্র তৎপরতা রয়েছে।
এদিকে, ধানচাষিদের ভর্তুকি প্রদান নিয়ে দুর্নীতির কারণে ২০১১ সাল থেকে বার্ষিক ৬০০ কোটি মার্কিন ডলার লোকসানের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে প্রধানমন্ত্রী ইংলাকের বিরুদ্ধে। বিষয়টিকে কৃষক সম্প্রদায়ের মধ্যে ইংলাকের জনসমর্থন হ্রাসের চেষ্টা করছেন বিরোধীরা।
থাইল্যান্ডে গত ৩০ নভেম্বর থেকে এ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভের বিভিন্ন পর্যায়ে মোট ২১ জন নিহত ও অন্তত ৭০০ মানুষ আহত হয়েছেন। সরকারপন্থী নেতাদের আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে তাঁরা ক্ষমতা থেকে চূড়ান্ত বিদায়ের ক্ষণগণনা শুরু করেছেন। এমনকি সরকারের পতনের পর তাঁরা মারাত্মক সহিংস আচরণের শিকারও হতে পারেন।
রামকামহায়েং বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক বুনিয়াকিয়াত কারাভেকফান বলেন, এবারের পরিস্থিতি অন্য রকম। সেনাবাহিনীর সহায়তা ছাড়াই আন্দোলনকারীরা ইংলাকের পতন ঘটাতে পারবেন বলে মনে হচ্ছে। আর তাঁরা বিচার বিভাগের সমর্থনও সম্ভবত পাবেন। তবে ইংলাক চলে গেলেও শৃঙ্খলা ফিরে আসার সম্ভাবনা নেই। সিনাওয়াত্রা পরিবারের সমর্থকেরা বলছেন, সরকারকে অনায্যভাবে উৎখাত করা হলে প্রতিশোধ নেওয়া হবে।