গৃহযুদ্ধের সময়ের গুরুতর অপরাধের ক্ষমা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে পরিকল্পনাধীন সত্য ও সমঝোতা (ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন) কমিশন যাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের ক্ষমা না করে, সেই ব্যবস্থা নিতে গতকাল শুক্রবার আহ্বান জানিয়েছেন দেশটির
সুপ্রিম কোর্ট। নেপালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের সময় ঘটা অপরাধ তদন্তে এই কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার।
মানবাধিকার কর্মী ও ভুক্তভোগী গোষ্ঠীগুলোর আশঙ্কা, কমিশন গঠনের এ সরকারি পরিকল্পনার ফল নেতিবাচক হতে পারে। কেননা, গঠিত কমিশনের মাধ্যমে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনকারীরাও পার পেয়ে
যেতে পারে।
হিমালয় কোলের দরিদ্র দেশ নেপালে গৃহযুদ্ধে ১৬ হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। সরকারি বাহিনীর বিরুদ্ধে ১৯৯৬ সালে শুরু হওয়া মাওবাদীদের এই যুদ্ধ ২০০৬ সালে এক
চুক্তির মাধ্যমে শেষ হয়। গৃহযুদ্ধকালীন শত শত মানুষকে গুম করা হয়।
সাবেক মাওবাদী বিদ্রোহীদের নেতৃত্বে জোট সরকার গৃহযুদ্ধ অবসানের চুক্তি মোতাবেক সত্য ও সমঝোতা কমিশন গঠন করতে গত বছর আইনের খসড়া প্রস্তুত করে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল বলেছেন,
কমিশন সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর ক্ষেত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে না।
আদালতের সহকারী মুখপাত্র বাবুরাম দহল গতকাল বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত ঘটনাগুলোকে সাধারণ ক্ষমার আওতায় আনা যেতে পারে না। এ ধরনের ক্ষমা অনুমোদন করার ক্ষেত্রে
ভুক্তভোগীদের অংশগ্রহণ ও সম্মতি নেওয়া বাধ্যতামূলক।
মানবাধিকার কর্মীদের ভাষ্যমতে, যুদ্ধের সময় সরকারি নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী উভয়ই হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল।
নেপালের মানবাধিকারবিষয়ক আইনজীবীরা আদালতের এই ঘোষণাকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের মতে, এটা ন্যায়বিচারের আশা জাগিয়েছে। রয়টার্স।