গেছো কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাপা কুকুরের তাড়া খেয়ে এক লাফে বিড়াল উঠে পড়ে মগডালে। গৃহপালিত বিড়াল ছাড়াও বনবিড়াল, চিতাবাঘ, সাধারণ বাঘ, বিড়াল প্রজাতির এসব প্রাণী কমবেশি সবাই গাছে ওঠায় পটু। কিন্তু কুকুরও গাছে উঠতে পারে, এমন কথা কেউ কি বিশ্বাস করবেন? সবাই হয়তো একবাক্যে বলবেন, ‘ধ্যাৎ, যত্ত সব গাঁজাখোরি গল্প! এ কখনো হয়? কুকুর আবার গাছে ওঠে নাকি?’ কিন্তু মজার কথা হলো, চীনের উবেই জেলায় একটি মাদি কুকুর সত্যি সত্যি গাছে উঠতে পারে। তাও এক দুই ফুট নয়, ১০ ফুটের বেশি উঁচু গাছে কুকুরটি অবলীলায় বেয়ে উঠতে পারে। বেলজিয়ান শেফার্ড প্রজাতির ওই কুকুরটির নাম টিনা। তার মালিকের নাম উ জিয়াং।উ জিয়াং বলেছেন, টিনার বয়স যখন ছয় সপ্তাহ, তখন তিনি তাকে গাছে ওঠার প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তিনি টিনার খেলনা ছোট ছোট গাছের ওপর রেখে দিতেন। টিনা সেগুলো লাফিয়ে লাফিয়ে পেড়ে আনত। বর্তমানে ১০ ফুটের বেশি উঁচু গাছে খেলনা রেখে দিলেও সে ওগুলো পেড়ে আনতে পারে। মানুষের মতো গাছের গুঁড়ি জড়িয়ে ধরে বেয়ে বেয়ে সে ওপরে উঠে যায়। টিনার মালিক উ বলেছেন, তিনি তাকে আরও উঁচুতে ওঠার প্রশিক্ষণ দিচ্ছেন। অরেঞ্জ নিউজ অনলাইন।