গেটিসবার্গ বক্তৃতার সার্ধশত বছর পূর্তি পালিত
গণতন্ত্রের জয়গান গাওয়া আব্রাহাম লিংকনের বিখ্যাত গেটিসবার্গ বক্তৃতার ১৫০ বছর পূর্তি পালিত হলো যুক্তরাষ্ট্রে। গত মঙ্গলবার পেনসিলভানিয়ার সেই গেটিসবার্গ নগরে হাজারো মানুষের সমাবেশ ঘটেছিল দিবসটি স্মরণ করতে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে নাগরিক আন্দোলনের নেতা-কর্মীদের ব্যাপক সমাবেশ ঘটে গেটিসবার্গে।
এ উপলক্ষে আয়োজিত সভায় পেনসিলভানিয়ার গভর্নর টম গরভেট বলেন, ‘প্রেসিডেন্ট লিংকন তাঁর বক্তৃতা আমাদের বুকে ধারণ করে দিয়ে গেছেন—যা মার্কিন জাতি আজও বহন করছে। মার্কিন গৃহযুদ্ধের ইতিহাসবিদ জেমস ম্যাকফারসন তাঁর বক্তৃতায় বলেন, প্রেসিডেন্ট লিংকনের বক্তৃতাটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যত্ নির্ধারণ করে দিয়ে গিয়েছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি এন্টোনিন স্কেলিয়া দিবসটি উপলক্ষে গেটিসবার্গ নগরে ১৬ জন নতুন অভিবাসীকে নাগরিকত্বের শপথবাক্য পাঠ করান।
১৮৬৩ সালের ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এ বক্তৃতাটি দিয়েছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। গৃহযুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে দেওয়া বক্তৃতাটি ছিল মাত্র ২৭২ শব্দের। আর স্থায়িত্ব ছিল তিন মিনিটেরও কম। কিন্তু ইতিহাসে অমর হয়ে রয়ে গেছে তা। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান এবং মার্কিন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আব্রাহাম লিংকনের এ বক্তৃতাকে মাইলফলক বলে মনে করা হয়।
যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের জুলাই মাসে গেটিসবার্গ নগরে সাত হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। এর চার মাস পর এ নগরের মাটিতে দাঁড়িয়েই প্রেসিডেন্ট লিংকন সব ব্যক্তি ও জাতিগত গোষ্ঠীর সাম্যের কথা বলেছিলেন।