গেস্টাপোর প্রধান সমাধিস্থ ইহুদি কবরস্থানে!
হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপোর প্রধান সমাধিস্থ আছেন মধ্য বার্লিনের একটি ইহুদি কবরস্থানে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে তাঁকে সেখানে কবর দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার জার্মান একটি পত্রিকায় এ তথ্য জানানো হয়েছে।
৬৮ বছর পর ইতিহাসবিদদের গবেষণায় গেস্টাপোর প্রধান হেনরিখ মুলারের এ সত্যি কাহিনি জানা গেছে। কিন্তু এই সত্য বার্লিনের ইহুদিদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
মুলার ছিলেন নাৎসি জার্মানির ইহুদি নিধনযজ্ঞের অন্যতম পরিকল্পনাকারী। ১৯৪২ সালে তিনি ওয়ানসি কনফারেন্সে যোগ দেন। ওই সম্মেলনেই জ্যেষ্ঠ নাৎসিরা তাঁদের ‘চূড়ান্ত সমাধানে’ আসেন। এটি ছিল নাৎসি অধিকৃত ইউরোপ থেকে ইহুদিদের নির্মূল করা। দীর্ঘদিন ধারণা করা হতো, মুলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষেও বেঁচে ছিলেন। তবে সম্প্রতি বিভিন্ন নথিপত্রের সূত্রে জানা গেছে, তিনি যুদ্ধের শেষ সময়ে মারা যান। বার্লিনের ইহুদি কবরস্থানে একটি গণকবরে তাঁকে সমাধিস্থ করা হয়। এএফপি।