নতুন আরেক বিতর্কের জন্ম দিলেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন, গোটা গণমাধ্যম ‘বিক্রি’ হয়ে গেছে। তারা ‘বিশাল অঙ্কের অর্থের’ বিনিময়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে সমর্থন করছে। এএপি ক্ষমতায় এলে তদন্ত করে ‘মিডিয়াওয়ালাদের’ জেলে ঢোকানো হবে।
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরে দলের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে কেজরিওয়াল এসব কথা বলেন। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের ভিডিও একটি টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয়। তিনি বলেছেন, ‘গত এক বছর আমরা শুনে আসছি যে মোদি আজ এখানে, মোদি আজ সেখানে। এমনকি কিছু টেলিভিশন চ্যানেল বলে আসছে, যে “রাম রাজ্য” এসেছে, দুর্নীতি বিদায় নিয়েছে। কেন তারা এমনটি করছে? কারণ, টেলিভিশন চ্যানেলগুলোকে অর্থ দেওয়া হয়েছে। মোদিকে সমর্থন করতে বিশাল অঙ্কের অর্থ খরচ করা হয়েছে।’
কেজরিওয়াল আরও বলেন, গুজরাটে গত ১০ বছরে প্রায় ৮০০ কৃষক আত্মহত্যা করেছেন। কিন্তু কোনো চ্যানেলেই তা দেখানো হয়নি। কৃষকেরা তাঁদের জমি মাত্র ‘এক রুপির’ বিনিময়ে একটি কোম্পানির কাছে বিক্রি করেছেন। কিন্তু তাও কেউ প্রচার করেনি।
কেজরিওয়ালের এ মন্তব্যে গণমাধ্যম ছাড়াও খেপেছে অন্যান্য দলগুলো। তোপের মুখে পড়ে গতকাল শুক্রবার তিনি আগের দিনের বক্তব্য থেকে সরে আসার চেষ্টাও করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কীভাবে আপানাদের ওপর ক্ষুব্ধ হতে পারি।’ পিটিআই, এনডিটিভি।