গোপন পরমাণু প্রকল্পের দাবি ভিত্তিহীন: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক এলাকায় ভূগর্ভে গোপন পারমাণবিক প্রকল্পের অস্তিত্ব থাকার অভিযোগ ভিত্তিহীন বলে গতকাল মঙ্গলবার উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দ বলেন, গোপন স্থানে পারমাণবিক প্রকল্প স্থাপনের এই অভিযোগ ভিত্তিহীন। তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে তেহরান।
ইরানের ভিন্নমতাবলম্বী নির্বাসিত গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান (এনসিআরআই) গত সোমবার অভিযোগ করে, মধ্য ইসফাহান প্রদেশে ‘০১২’ সাংকেতিক নামের সামরিক এলাকায় ভূগর্ভে পারমাণবিক প্রকল্প রয়েছে। প্যারিসভিত্তিক এই গোষ্ঠীর দাবি, প্রায় ৬০০ মিটার সুড়ঙ্গের ভেতরের ওই এলাকায় কড়া পাহারা রয়েছে। তবে সেখানে কী করা হচ্ছে, তা নিশ্চিত নয়।
অতীতেও ইরানের পারমাণবিক প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছিল এনসিআরআই। ২০০২ সালে নাতাঞ্জ পারমাণবিক প্রকল্প সম্পর্কেও এই গোষ্ঠী তথ্য দিয়েছিল। তবে তাদের দেওয়া অনেক তথ্য সন্দেহের চোখে দেখেন বিশেষজ্ঞরা।
এনসিআরআই হলো এক ছাতার নিচে থাকা ভিন্নমতাবলম্বীদের রাজনৈতিক জোট, বিশেষ করে সেখানে আছে পিপলস মুজাহিদিন অব ইরান (এমইকে)। ইরানের শাহ শাসনের বিরোধিতা করতে ষাটের দশকে এই গোষ্ঠী প্রতিষ্ঠা করা হয়।
চলতি সপ্তাহেই পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় ছয় জাতির সঙ্গে ইরানের বৈঠকের আগে নতুন এই অভিযোগ তুলল গোষ্ঠীটি।
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে (পি-ফাইভ+ওয়ান) বৈঠক হয় ইরানের। আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষ আবারও বৈঠকে বসছে।
ইরানের মুখপাত্র কামালভান্দ বলেন, আলোচনার ‘অনুকূল পরিবেশ’ নষ্ট করার উদ্দেশ্যেই ওই অভিযোগ তুলেছে এনসিআরআই।
পাশ্চাত্য দেশগুলোর সন্দেহ, ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইরান বরাবরই তা অস্বীকার করে আসছে। এএফপি।