গোপন ভিডিও প্রকাশ বেকায়দায় রমনি
পর পর কয়েকটি গোপন ভিডিও ফাঁস হওয়ায় বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার প্রকাশিত ওই ভিডিওতে ওবামার সমর্থকেরা কর দেয় না মন্তব্য করে রমনি তাঁদের নিন্দা করেন। আরেকটি ভিডিওতে তিনি ফিলিস্তিনিদের সমালোচনা করে বলেছেন, তারা শান্তি চায় না। উদারপন্থী মাদার জোনস সাময়িকী রমনির এসব বিতর্কিত মন্তব্যের ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের দুই মাসেরও কম সময় আগে এই বিষয়টি রিপাবলিকান পার্টির প্রার্থীর জন্য বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। গত মে মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা র্যাটনে ধনী সমর্থকদের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন মিট রমনি। মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ফিলিস্তিনিরা শান্তি চায় না। তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সমস্যা অমীমাংসিত রয়ে যাবে। রমনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ফিলিস্তিনিদের কোনো আগ্রহ নেই।...তাই শান্তির পথে অগ্রগতি প্রায় অচিন্তনীয়।’ আরেকটি ভিডিও ক্লিপে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেই হামলার শিকার হতে পারে। মাদার জোনস পত্রিকা সোমবার একই অনুষ্ঠানের আরেকটি ভিডিও প্রকাশ করে। এতে রমনিকে বলতে দেখা যায়, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করেন। কারণ, তাঁরা সরকারের ওপর নির্ভরশীল। এসব লোক কোনো কর দেন না। এ ঘটনা এখন রমনিকেই সমালোচনার মধ্যে ফেলেছে। ওবামা শিবির ইতিমধ্যে ভিডিওটি সংগ্রহ করেছে।ফ্লোরিডার ওই একান্ত অনুষ্ঠানে মিট রমনি বলেন, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক কোনো আয়কর দেন না। তাঁরা বিশ্বাস করেন, তাঁদের স্বাস্থ্যসেবা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা সবই করবে সরকার।সাময়িকীটির দাবি, তারা এই ভিডিওটি পেয়েছে এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা হয়েছে। ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন রমনি। সোমবারের ভিডিওর পর ডেমোক্র্যাট শিবিরের লোকজন বলেন, এ মন্তব্য যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠীর অর্ধেকের প্রতি অবজ্ঞার শামিল। যে ব্যক্তি দেশের অর্ধেক মানুষকে নিয়ে এমন মন্তব্য করেন, তিনি কীভাবে প্রেসিডেন্ট হিসেবে পুরো দেশ চালাবেন?এদিকে গোপন ভিডিও প্রকাশের পর গতকাল মিট রমনি এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন, তাঁর ওই মন্তব্য রুচিশীল ছিল না। তবে তিনি তাঁর ওই অবস্থান থেকে সরে আসবেন না।রমনি তাঁর আগের দিন প্রচারিত মন্তব্যের সমর্থনে যুক্তি দিয়ে বলেন, ‘আপনারা কি সরকারকেন্দ্রিক সমাজ চান, যেখানে অনেক অনেক সুবিধা পাওয়া যাবে, নাকি স্বাধীন উদ্যোক্তাকেন্দ্রিক সমাজ চান, যেখানে নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন? এএফপি, রয়টার্স।