গোপন স্থানে সমাহিত করা হবে প্রিয়েবকেকে
নাৎসি যুদ্ধাপরাধী এরিখ প্রিয়েবকেকে একটি গোপন স্থানে সমাহিত করা হবে। তাঁর আইনজীবী এ কথা জানিয়েছেন। ইতালিতে গৃহবন্দী অবস্থায় গত সপ্তাহে ১০০ বছর বয়সী প্রিয়েবকের মৃত্যু হয়।
প্রিয়েবকের আইনজীবী পাওলো গিয়াকিনি বলেন, গোপন স্থানে সমাহিত করার এ সমঝোতা তাঁর পরিবারকে সন্তুষ্ট করা ছাড়াও নৈতিক এবং আধ্যাত্মিক শর্ত পূরণ করবে। তিনি জানান, শেষকৃত্যের পর শুধু পরিবারের সদস্যদের জন্য একটি সংক্ষিপ্ত স্মরণ অনুষ্ঠান হবে।
এরিখ প্রিয়েবকের বিরুদ্ধে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৩৩৫ জন বেসামরিক লোককে হত্যার অভিযোগ আছে। তাঁকে আর্জেন্টিনা থেকে প্রত্যর্পণের পর ইতালিতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আর্জেন্টিনা আগেই বলেছে, তারা এ নিন্দিত যুদ্ধাপরাধীর মৃতদেহ গ্রহণ করবে না।
গত বুধবার ইতালির কর্তৃপক্ষ প্রিয়েবকের কফিন আটক করে রোমের কাছে এক বিমান ঘাঁটিতে নিয়ে যায়। এর আগের দিন ক্ষুব্ধ মানুষের প্রতিবাদের কারণে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। রোম কর্তৃপক্ষ নগরের কোথাও প্রিয়েবকেকে সমাধিস্থ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে।
প্রিয়েবকের সম্ভাব্য সমাধিস্থল এখনো অজানা। তবে আইনজীবী গিয়াকিনি বলেছেন, ইতালি ও জার্মানিতে একাধিক স্থানে তাঁকে সমাহিত করার ব্যাপারে কথাবার্তা হয়েছে।
রোমে জার্মানির দূতাবাস বলেছে, প্রিয়েবকের আইনজীবী তাদের সঙ্গে যোগাযোগ করেননি।