গোপনে খনিচুক্তি করে লুট হচ্ছে আফ্রিকা: কফি আনান
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, গোপন খনিচুক্তি, কর ফাঁকি এবং গোপনে অর্থ লেনদেনের মধ্য দিয়ে আফ্রিকার সম্পদের লুটপাট চলছে।
কফি আনানের নেতৃত্বে গঠিত একটি কমিটির দাবি, কোম্পানিগুলো লাভ কম দেখিয়ে প্রতিবছর প্রায় ৩৮ বিলিয়ন ডলার (প্রায় দুই লাখ ৯৫ হাজার ৮৮৭ কোটি টাকা) কর ফাঁকি দিচ্ছে।
কফি আনান আজ শুক্রবার বিবিসিকে বলেন, ‘আফ্রিকার দেশগুলো প্রতিবছর বিদেশিদের কাছ থেকে যে পরিমাণ অনুদান পায়, এই কর ফাঁকিতে দেশগুলোর ক্ষতি হয় তার দ্বিগুণ।’ তিনি বলেন, এটা গরিবের খাবার কেড়ে নেওয়ার নামান্তর।
কাফি আনানের কমিটি প্রতিবছর মে মাসে আফ্রিকা প্রোগ্রেস রিপোর্ট বা আফ্রিকার অগ্রগতি নিয়ে করা প্রতিবেদন প্রকাশ করে। এ কমিটির সদস্য ১০ জন। তাঁদের মধ্যে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগান ওবাসানজো এবং নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাকা মাচেলও আছেন।
হিসাবে গড়বড়
কফি আনান বলেন, আফ্রিকার দেশগুলোতে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর উচিত এসব দেশে স্বচ্ছতা ও কর আদায়ের বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করা।
প্রতিবেদনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে উদাহরণ হিসেবে দেখিয়ে বলা হয়, দেশটিতে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে পাঁচটি খনি অত্যন্ত কম মূল্যে বিদেশিদের দিয়ে দেওয়া হয়েছে। এগুলোর চুক্তি হয়েছে অত্যন্ত গোপনে এবং হিসাব অস্বচ্ছ। এতে দেশটি বার্ষিক ১৩০ কোটি ডলারের রাজস্ব হারিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য ও শিক্ষা খাতের বার্ষিক যৌথ বাজেটের দ্বিগুণ এ হিসাবটি। কঙ্গোর অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে, গত সপ্তাহে সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে দেশটিকে মায়েদের জন্য সবচেয়ে খারাপ স্থান হিসেবে চিহ্নিত করা হয়। খনিচুক্তি নিয়ে সমালোচনার পর দেশটির খনিমন্ত্রী মার্টিন কাবওয়ে লুলু বলেছিলেন, ‘এতে দেশটির কোনো ক্ষতি হয়নি।’
ওই প্রতিবেদনে বলা হয়, খনিজসমৃদ্ধ দেশগুলোর রাজস্বব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। এসব দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কম এবং রাজস্বব্যবস্থা নাজুক হওয়ায় বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী হয়।
প্রতিবেদনে জাম্বিয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। দেশটিতে ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে প্রতিবছর খনিশ্রমিকেরা যে পরিমাণ কর দিয়েছেন, তা দেশটিতে সক্রিয় বহুজাতিক খনি কোম্পানির দেওয়া করের চেয়ে অনেক বেশি।
প্রতিবেদনে বলা হয়, আফ্রিকা অনুদান হিসাবে যা পায়, তার চেয়ে অনেক বেশি অর্থ অবৈধ উপায়ে দেশটি থেকে নিয়ে যায় বিদেশিরা।
কফি আনান বিবিসির নিউজ ডে অনুষ্ঠানকে বলেন, ‘দুর্নীতি, অবৈধ লেনদেন, কর ফাঁকি এবং আমাদের যা যা পাওয়া উচিত তা না দেওয়ার ফলে আমরা অধিকাংশ সময় আমাদের রাজস্ব থেকে বঞ্চিত হই।... স্বচ্ছতা একটি শক্তিশালী উপায়।’ তিনি আফ্রিকার দেশগুলোকে ‘জবাবদিহি কেন্দ্র’ প্রতিষ্ঠার আহ্বান জানান।
আনান বলেন, আফ্রিকার দেশগুলোর সরকারদের উচিত খনি উন্নয়ন কাজে দেশীয় কোম্পানিগুলোকে যুক্ত করা এবং এগুলোকে এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে কর্মসংস্থান বাড়ে।