গোপনে ভারত সফর করেছিলেন স্নোডেন!
মার্কিন সরকারের গোপন নজরদারির কার্যক্রমের তথ্য ফাঁস করে হইচই ফেলে দেওয়া গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেন ২০১১ সালের আগে ভারত সফর করেছিলেন। তবে তিনি এই সফরের বিষয়টি গোপন রাখেন।ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সাধারণ মানুষের ইন্টারনেট ও টেলিফোন তৎপরতার ওপর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারির কার্যক্রমের তথ্য ফাঁস করে সম্প্রতি বিশ্বব্যাপী আলোচনায় আসেন স্নোডেন। যুক্তরাষ্ট্রে বিচার এড়াতে তিনি পালিয়ে হংকং হয়ে বর্তমানে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।
স্নোডেন গোপন কার্যক্রমের তথ্য ফাঁসের পর মার্কিন কর্তৃপক্ষের পরিচালিত একটি পর্যালোচনার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, অতীতে স্নোডেনের নিরাপত্তার নিয়ম ভঙ্গ করা ও সিআইএতে তাঁর কাজ করার বিষয়টি বের করতে ব্যর্থ হয়েছিলেন তাঁর অতীত রেকর্ড যাচাইয়ে যুক্ত কর্মকর্তারা। স্নোডেন দৃশ্যত না জানিয়ে ভারত সফর করলেও বিষয়টি নিয়ে বিশদ তদন্ত করতে ব্যর্থ হন তাঁরা।
নিরাপত্তা ছাড়পত্রের জন্য এনএসএর কর্মী স্নোডেনের ২০১১ সালের নিয়মিত অতীত রেকর্ড যাচাইয়ের সময় স্নোডেনের মা ও বান্ধবী ছাড়া তাঁর বিষয়ে তথ্য দেওয়ার মতো কাউকে পাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার খবরে বলা হয়েছে, ওই কর্মকর্তারা একজন তত্ত্বাবধায়কের কাছ থেকে জানতে পেরেছিলেন, স্নোডেন ভারতে সফরে গিয়েছিলেন। তবে তিনি বিষয়টি নিয়মিত অতীত তথ্য অনুসন্ধান-প্রক্রিয়ার সময় জানাননি।
এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে হংকং যান। সেখান থেকে রাশিয়ায় গিয়ে মস্কোর একটি বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বেশ কিছুদিন অবস্থান করেন। এ সময় তিনি রাজনৈতিক আশ্রয় লাভের জন্য বেশ কিছু দেশের কাছে আবেদন করেন। এর মধ্যে ভারতও ছিল। পিটিআই।