গোমাংসে ভেজাল, ইউরোপের ১৬টি দেশে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংস ও মাংসজাত খাদ্যে ভেজাল ধরা পড়ার পর ইউরোপের ১৬টি দেশে সতর্কতা নির্দেশ জারি করা হয়েছে। যুক্তরাজ্যে প্রথম ভেজাল জালিয়াতির এই ঘটনা ধরা পড়ে।প্রধানত প্রক্রিয়াজাত মাংস, যেমন ফ্রোজেন বার্গার এবং মাংসজাত খাদ্যসামগ্রীর ক্ষেত্রে গণহারে ভেজাল ধরা পড়েছে যুক্তরাজ্যে। মোড়কে গোমাংসকে পণ্য বলা হলেও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই ঘোড়ার মাংস।খাদ্য ও কৃষি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ পরিবেশমন্ত্রী ওয়েন প্যাটারসন বলেছেন, এখনো পর্যন্ত মাংসজাত এসব পণ্যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তিনি বলেন, ব্রিটিশ ভোক্তাদের এসব খাদ্য দোকানে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য খারাপ খবরের জন্যও ভোক্তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্যাটারসন জানিয়েছেন, লুক্সেমবার্গের একটি মাংসজাত পণ্যের কারখানা ১৬টি দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। ওই কোম্পানিটি ফ্রান্সে মাংসে ভেজাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত। ইতিমধ্যে ব্রিটেনের বড় সব সুপারস্টোর তাদের শেলফ থেকে কোটি কোটি ফ্রোজেন বার্গার এবং মাংসজাত নানা ধরনের খাবার সরিয়ে নিয়েছে। গত রোববার ফ্রান্স ও সুইডেনেও প্রধান প্রধান সুপারস্টোর চেইন একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এসব দেশের সরকারের মন্ত্রীরা খাদ্যশিল্পের প্রতিনিধিদের জরুরি সভা ডেকেছেন।সরকারের সংশ্লিষ্ট সূত্রে বলা হয়, আন্তমহাদেশীয় বড় কোনো অপরাধী চক্র খাদ্যশিল্পের এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে রোমানিয়ার একাধিক কসাইখানা এই ঘোড়ার মাংস সরবরাহের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত পাওয়া গেছে। সপ্তাহ খানেক আগে ব্রিটেনের কারাগারগুলোতে হালাল মোড়কে সরবরাহ করা মাংসে শূকরের ডিএনএ পাওয়া গিয়েছিল। এর পর থেকেই মাংসজাত পণ্যে ভেজালের ব্যাপকতা নজরে আসতে শুরু করে। ব্রিটেনে খাদ্যসামগ্রীর মান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ফুড স্ট্যান্ডার্ডস অথরিটির (এফএসএ) একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁরা আগামী শুক্রবারের মধ্যে সব মাংসজাত পণ্যের গুণগত মান পরীক্ষা করানোর জন্য ব্রিটেনের সব বিক্রেতাকে নির্দেশ দিয়েছেন।