গোয়েন্দা কার্যক্রম খতিয়ে দেখার নির্দেশ ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার বলেছেন, কী উপায়ে গুপ্তচরবৃত্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। আল-জাজিরা বলছে, বেআইনিভাবে বছরের পর বছর ধরে বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এ কারণে দেশটির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
দেশটির সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিপত্র থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপনে তথ্য সংগ্রহের খবরাদি ফাঁস হয়। ফোনালাপ, ইন্টারনেট, খুদে বার্তা, ই-মেইল ও চ্যাট থেকে মার্কিন গোয়েন্দারা তথ্য সংগ্রহ করে। ইতিমধ্যে জার্মানি, ফ্রান্স ও স্পেন যুক্তরাষ্ট্রের কাছে এসব গোয়েন্দাবৃত্তির কারণ ও ব্যাখ্যা জানতে চেয়েছে।
বিবিসি জানায়, ফিউশন নামের একটি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘তাদের (গোয়েন্দা সংস্থাগুলো) যা করা উচিত ছিল, শুধু তা-ই নয় বরং তারা কী করছে তা জানতে’ তিনি গোয়েন্দা কার্যক্রম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ওবামা বলেন, এনএসএসহ যুক্তরাষ্ট্রের অন্য গোয়েন্দা সংস্থাগুলো যেসব তথ্য সংগ্রহ করছে তিনি নিজে সেগুলোর ‘চূড়ান্ত ব্যবহারকারী’ এবং হোয়াইট হাউস এনএসএর ‘কর্মকৌশল নির্ধারিত’ করে দেওয়ার পরেও সংস্থাটি নিজের ‘সামর্থ্যের পরিধি বাড়িয়েছে ও ছড়িয়েছে’।
যুক্তরাষ্ট্রের সিনেটের গোয়েন্দা কমিটির প্রধান ডায়ান ফেইনস্টেইনও ওমাবার মতো কথা বলেছেন। মার্কিন গোয়েন্দারা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পেতেছে এমন খবর বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টির পর ফেইনস্টেইন ‘সব গোয়েন্দা কার্যক্রম ব্যাপকভাবে খতিয়ে দেখার’ আহ্বান জানান।
ফেইনস্টেইন বলেন, ‘আমি যতটুকু বুঝি, ২০০২ সাল থেকে চ্যান্সেলর ম্যার্কেলের ফোনালাপ যে রেকর্ড করা হয়েছে, সে সম্পর্কে প্রেসিডেন্ট ওবামা জানতেন না। এটা খুব বড় একটা সমস্যা।’
সিনেটর ফেইনস্টেইন জানান, এর আগে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোর প্রধানদের ওপরে গোয়েন্দাবৃত্তি বন্ধের নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস।
তবে বিবিসি বলেছে, ফেইনস্টেইনের বক্তব্য পুরোপুরি সত্য নয়। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গোয়েন্দা কর্মকৌশলে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি।
গুপ্তচরবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সামনে আজ মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের জবাবদিহি করার কথা রয়েছে।